আ.লীগের শীর্ষ দুই নেতাসহ ২০২ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফ উদ্দিনসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিখোঁজ কর্মী বাহার উদ্দিন ওরফে বাহার সরদারের (৪৫) লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার দুপুরে এ মামলা করা হয়।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটা সাজানো নাটক। লাশ বাহারের নয়। ভাসমান লাশ, ভোলার মনপুরা থেকে এসেছে। হাতিয়ায় এ ধরনের কোনো ঘটনাই সেদিন ঘটেনি।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। প্রথম আলোকে তিনি বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ২০২ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও ৫০-৬০ জন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
গত ৩০ মার্চ হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়াবাজারে সন্ত্রাসীদের ছররা গুলিতে আহত হন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন। ৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর বড় ভাই মো. মহিউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউপির চেয়ারম্যান। আশরাফের মৃত্যুকে কেন্দ্র করে চরকিং ও চরইশ্বরে আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সহিংস ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার চরকিং ইউনিয়নের ভৈরববাজার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মারা যান মহিউদ্দিনের অনুসারী যুবলীগ কর্মী নূর আলম। একই দিন বাহার উদ্দিনকে মারধর করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। গত শনিবার হাতিয়ার তমরুদ্দীঘাটের দক্ষিণে একটি চরে তাঁর লাশ পাওয়া যায়। নিহত বাহার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলীর অনুসারী।
এদিকে কয়েক দিনের টানা সহিংসতা থামার পর গতকাল সকালে হাতিয়ায় যান জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। এ সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং হত্যাকাণ্ডের স্থানগুলো পরিদর্শন করেন তিনি। দুপুরে তিনি হাতিয়া থেকে জেলায় ফিরে আসেন।
মো. ইলিয়াছ শরীফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাতিয়ায় গত কয়েক দিনে যে কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে, সবগুলোর ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার পুলিশকে ঘটনার সঙ্গে জড়িত অপরাধী যে পক্ষেরই হোক দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।