আ.লীগের শোভাযাত্রা চলমান রণাঙ্গন
যেন চলমান রণাঙ্গন! কারও হাতে বন্দুক, কেউ ট্যাংকে চড়ে বীরদর্পে এগিয়ে চলেছে শত্রু নিধনের লক্ষ্যে। এঁরা সবাই একাত্তরের মুক্তিযোদ্ধা। বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘বিজয় শোভাযাত্রা’র ছবি এটি। শোভাযাত্রা বিকেল চারটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শুরু হয়ে স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গিয়ে শেষ হয়। দেড় ঘণ্টাব্যাপী এই শোভাযাত্রায় মুক্তিযুদ্ধকালীন খণ্ড খণ্ড ঘটনা ফুটিয়ে তোলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং অনেক সাধারণ মানুষ। খোলা ট্রাক, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রিকশাভ্যান—সবই ছিল শোভাযাত্রায়। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা আর বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার-ফেস্টুন। কেউবা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে আনন্দ করছিলেন। কেবল মুক্তিযোদ্ধা নয়, শোভাযাত্রায় ছিল সাজানো রাজাকারও। তাদের গলায় ছিল প্রতীকী ফাঁসির দড়ি। গতকালই মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনকারী বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সাকা চৌধুরীর বিচার চেয়ে এবং তাঁকে গ্রেপ্তার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন। লালবাগের তরুণ হাসিবুর রহমান বলেন, ‘গতবারও অংশ নিয়েছিলাম। তবে এবার আনন্দটা একটু বেশি। কারণ, সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মনে হচ্ছে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার হবে।’শোভাযাত্রা শুরুর আগে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটকের সামনে একটি ট্রাকে মঞ্চ বানিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘বিজয়ের দিনে এক রাজাকার ধরা পড়েছে। সরকার এক বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার করে জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করবে।’ সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘সাকা চৌধুরী দম্ভ করে বলেছিলেন তাঁকে গ্রেপ্তার করার সাহস হবে না সরকারের। বাঙালিদের রক্তে যাঁদের হাত সিক্ত, তাঁদের গ্রেপ্তারে শেখ হাসিনা কেন, কোনো বাঙালিই ভীত নয়।’ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জানুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার আহ্বান জানান। বঙ্গবন্ধু ভবন: বিজয় দিবস উপলক্ষে গতকাল সকাল থেকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রাজনৈতিক নেতা-কর্মী ও জনতার ঢল নামে। আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ছাড়াও অনেক সাধারণ মানুষ ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।সকাল সোয়া সাতটায় শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর তিনি আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাদের নিয়ে ফুল দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী শিল্পী গোষ্ঠীসহ ক্ষমতাসীন দল-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। অন্য সংগঠনগুলোর মধ্যে ছিল মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ঢাকা আইনজীবী সমিতি, বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ প্রভৃতি।