আ.লীগের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিহত ইমান আলীর ভাই কামরুল হাসান বাদী হয়ে এ হত্যা মামলাটি করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, বিকেলে দায়ের করা মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মামলায় ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

সকালে পুলিশ জানিয়েছে, ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। গতকাল রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। মাজপাড়া গ্রামের নিরাপত্তার জন্য সেখানে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। পুরো ইউনিয়নে ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে খুলনা রেঞ্জের থেকে ৫০ জন পুলিশ সদস্য যোগ দিয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকারের ভাষ্য, ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সকালে মাজপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আওয়ামী লীগের পক্ষ দুটির মধ্যে একটির নেতৃত্বে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন। অন্যটির নেতৃত্বে আছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলী।

নিহত দুজন হলেন মাজপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে ইমান আলী (৩৫) ও বৈদ্যনাথপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৮)। তাঁরা দুজনই কেরামত আলীর পক্ষের লোক।