টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে দুজন প্রার্থী পছন্দ হলেও একক প্রার্থী মনোনয়ন দিতে পারেনি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। বোর্ডের পছন্দের দুই প্রার্থী হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুল মালেক ও প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান।
গতকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দলের সভানেত্রী শেখ হাসিনাকে একক প্রার্থী মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, আজ-কালের মধ্যে শেখ হাসিনা মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। তার আগে তিনি জনমত জরিপ এবং তৃণমূলের মতামত নেবেন। বোর্ডের সিদ্ধান্ত অনুসারে, এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে কে নির্বাচন করেন সে বিষয়টির প্রতিও নজর রাখা হবে।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের ও আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় আসনটি শূন্য হয়। আগামী ২৩ মার্চ এ আসনে উপনির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ১০ জন আবেদন করেছেন।