আ.লীগের সংসদীয় বোর্ডের সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামীকাল শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানান। সংসদীয় বোর্ডের সদস্যসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল সংশ্লিষ্ট সবাইকে ওই সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
জানা গেছে, বরিশাল-৫ আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে সংসদীয় বোর্ডের সভা ডেকেছেন দলটির সভানেত্রী। গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন বরিশাল-৫ (সদর) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ মে। বাছাই করা হবে ১৪ মে আর প্রত্যাহারের শেষ সময় ২১ মে।