আ.লীগের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় টেন্ডারবাজির টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হক ওরফে পলাশসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে শহরের বাঙ্গালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত ২৭ মার্চ শহরের লাবণী সিনেমা হল থেকে বাঙ্গালের মোড় পর্যন্ত এক হাজার ২০০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ দুটি পান খুলনার ঠিকাদার বাবু হোসেন।নাম প্রকাশ না করার শর্তে দুজন ঠিকাদার জানান, উপরিউক্ত কাজটি বাবু হোসেনকে পাইয়ে দিতে সহযোগিতা করেন আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারেরা। গত মঙ্গলবার চুক্তির ছয় লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারদের দেওয়া হয়। সেই টাকার ভাগ-বাটোয়ারা নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। সওজ অধিদপ্তরের ঠিকাদার ও আওমামী লীগের কর্মী আবদুল গফুর ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, টাকা ভাগাভাগির জন্য মঙ্গলবার আড়াইটার দিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিশ্রামাগারে বসা হয়। সমঝোতা অনুযায়ী যে ৩০ জন ঠিকাদার শিডিউল কিনেছিলেন, ওই টাকা তাঁদের মধ্যে ভাগ হওয়ার কথা। আলোচনার একপর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে ১০-১২ জন সেখানে এসে এক লাখ টাকা দাবি করেন। বাগিবতণ্ডার একপর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ও ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেনের মধ্যস্থতায় তাঁদের ৩৫ হাজার টাকা দেওয়া হয়। এতে সন্তুষ্ট না হয়ে কিছুক্ষণ পর জুয়েল হাসান ও নাজমুল হকের নেতৃত্বে ১২-১৪ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে যুবলীগের কর্মী হুমায়ুন আহমেদ, রফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন, সাইদুর রহমানসহ ছয়-সাতজন আহত হন। জাহাঙ্গীর হোসেন আরও জানান, এ সময় ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ধাক্কাধাক্কিতে সামান্য আহত হন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক দাবি করেন, টাকাপয়সা নিয়ে কোনো ঝামেলা হয়নি। জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সব মিটে যায়। তাঁরা চলে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেন, রেজাউল করিম, আবদুর রশিদ ও গিয়াসউদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালান। এতে জুয়েল হাসান, আফজাল হোসেন, সুমন ও তন্ময় অধিকারীসহ ৮-১০ জন আহত হন। এ সময় তিনিও আহত হন। পরে চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দিয়েছেন।সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলের আশপাশে পুলিশ রাখা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০-২৫ জনের নামে একটি এজাহার দিয়েছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো এজাহার দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।