আ.লীগের সঙ্গে বিএনপি ও শিবিরের সংঘর্ষ, নিহত ১
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টিগ্রামে গতকাল শুক্রবার আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-শিবিরের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ১৯ জন।এ ঘটনায় ছাত্রশিবির আজ শনিবার কুমারখালীতে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। এদিকে হরতালের ঘোষণা দেওয়ার পরপরই কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমিরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।নিহত ছাত্রের নাম মঞ্জুর আলী (১৮)। তিনি পান্টি মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি পান্টিগ্রামে। ছাত্রশিবিরের দাবি, তিনি শিবিরের কর্মী।স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেনের পক্ষের লোকজনের সঙ্গে পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমানের পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আর এ বিরোধের জের ধরে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পান্টিগ্রামে স্থানীয় বিএনপি-শিবিরের পরিচালিত ‘আন নূর সেবা সংস্থা’ নামে একটি সংগঠন কয়েক বছর ধরে ওই এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে আসছিল। এ বছর সংগঠনটি ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারেনি। পয়লা বৈশাখ উপলক্ষে ওই সংগঠনের ব্যানারে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজের ৪ নম্বর প্রশ্ন ছিল, ‘কততম মাহফিল বন্ধ করা হয়েছে?’ এ ধরনের প্রশ্নে স্থানীয় আওয়ামী লীগের লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে সংগঠনটির লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষ ধারালো অস্ত্র, ইট-পাটকেল, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুমারখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের পক্ষের মঞ্জুর আলী মারা যান। পান্টি ইউপি চেয়ারম্যান ও কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগের জাহিদ হোসেনের লোকজন তাঁদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা ১০-১২টি বাড়ি ভাঙচুর করেছে। উল্লেখ্য, হাফিজুর রহমান ওই সেবা সংস্থার উপদেষ্টা।কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেনের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত-সমর্থিত লোকজন এলাকার কেন্দ্রীয় কবরস্থানের পাশে নারীদের জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করে। তিনি কবরস্থানের পাশে নারীদের জন্য ওয়াজ মাহফিল না করে পুরুষদের জন্য মাহফিলের কথা বলেন। এ নিয়ে সামাজিক দ্বন্দ্ব চলছিল। আজ এ ঘটনা নিয়ে সংঘর্ষ বাধে।কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আক্কাচ আলী প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাঁচ-ছয়টা বাড়িতে গিয়ে দেখা গেছে, ঘরের টিন ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।