আ.লীগের সঙ্গে বিএনপি ও 'বিদ্রোহী' প্রার্থীর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল বৃহস্পতিবার। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীর ও দুটিতে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
ইউপিগুলো হলো আজমিরীগঞ্জ সদর, বদলপুর, কাকাইলছেও, জলসুখা ও শিবপাশা।
আজমিরীগঞ্জ সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কুদ্দুস উপজেলা যুবলীগের সভাপতি। এখানে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রওশন আলী। অন্যরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আবদুল আওয়াল, বিএনপির প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মশ্বক আলী ও হু্মায়ূন কবীর।
বেশ কজন ভোটার বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিএনপির প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
বদলপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী। বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোষার কান্তি দাস এবং বিএনপির প্রার্থী রমাকান্ত সরকার, জাতীয় পার্টির প্রবীর চন্দ্র দাস ও স্বতন্ত্র প্রার্থী প্রেমতোষ চৌধুরী। এই ইউপিটি হিন্দু-অধ্যুষিত। পাঁচজন প্রার্থী থাকলেও অনেক ভোটার মনে করছেন, আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
জলসুখা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ কাদির শামছু, বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ আহমেদ। এ ছাড়া বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান ইসহাক চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আবদুর নুর ।এই ইউপির বেশ কজন ভোটার বলেন, আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বিদ্রোহী ও বিএনপির প্রার্থীর ত্রিমুখী লড়াই হবে।
কাকাইলছেও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান নুরুল হক ভূইয়া ও বিদ্রোহী জামাল উদ্দিন মীর। বিএনপির প্রার্থী মফিল মিয়া। নুরুল হক এই ইউপিতে আটবারের চেয়ারম্যান। এবার আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় আরও বেশি প্রভাব বিস্তার করবেন বলে মনে করছেন ভোটাররা। তাঁর সঙ্গে বিএনপির প্রার্থীর লড়াই হতে পারে।
শিবপাশা ইউপিতে প্রার্থী ছয়জন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান তফসির মিয়া, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী আমজদ তালুকদার এবং একই দলের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার। বিএনপির প্রার্থী সাদেকুল আমিন চৌধুরী, স্বতন্ত্র নুরুল হক ও খেলাফত মজলিশের খেলু মিয়া। তবে এই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।