আ.লীগের সঙ্গে বিএনপি জামায়াতের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছুড়েছে।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রথম বৈঠকে গতকাল মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ১৫ জনকে গোবিন্দগঞ্জ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক কবির আহমেদের (বিএনপি-সমর্থিত) সভাপতিত্বে পরিষদের প্রথম বৈঠক হয়। বৈঠকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম বৈঠক উপলক্ষে বিএনপি-সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক কবির আহমেদ ও জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান নুরুন্নবী সরকারের সমর্থকেরাও পরিষদ চত্বরে ভিড় করেন।
সাড়ে ১২টার দিকে বৈঠক চলাকালে সাংসদ আবুল কালাম নবনির্বাচিত চেয়ারম্যানকে তাঁর লোকজনকে সরিয়ে নিতে বলেন। এ সময় সাংসদ নিজেও তাঁর সমর্থকদের চত্বর ছেড়ে চলে যেতে বলেন।
পরে পরিষদ চত্বর ত্যাগ করার সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হলে অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ প্রায় ২৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হন। তাঁদের মধ্যে পুলিশের দুই কনস্টেবলসহ গুরুতর আহত ১৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পরিষদের প্রথম বৈঠকটিও পণ্ড হয়ে যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবির আহমেদ বলেন, পরিষদ চত্বর ছেড়ে যাওয়ার সময় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের গুলিতে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ফারুক কবিরের ইন্ধনে পরিষদের প্রথম বৈঠকে বিএনপি-জামায়াতের কর্মীরা রামদা, লাঠিসোঁটা নিয়ে পরিষদের দিকে আসার চেষ্টা করেন। বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া তাঁরা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধর করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।