বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নই আসে না। এই সরকার জনগণের কাছে করা ওয়াদার একটিও পূরণ করতে পারেনি। তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জে জেলা বিএনপির আয়োজনে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দুর্বার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। তারেক রহমানকেও এই আন্দোলনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সরকার বিভিন্ন আঙ্গিকে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। এটি গণতন্ত্র হতে পারে না। তিনি আরও বলেন, ‘উদীচীর অনুষ্ঠান, রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে জঙ্গিবাদের ঘটনা আওয়ামী লীগের আমলেই ঘটেছে। কোকোর নামে মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এভাবে সারা দেশটাকে লাশের রাজত্ব বানিয়ে ফেলেছে এই সরকার।’ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।