আ.লীগের সভা চলাকালে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের দোস্ত বিল্ডিংয়ের আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের হাটহাজারী উপজেলা কমিটি বিলুপ্ত করার পক্ষ-বিপক্ষ নিয়ে সংঘর্ষের সূত্রপাত।বিবদমান দুই পক্ষের একটি উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম এবং অন্যটি শিক্ষাবিষয়ক সম্পাদক ইউনুচ গনি চৌধুরীর সমর্থক বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাভেদ হাসান, সংগঠনের হাটহাজারী উপজেলার সভাপতি আজম উদ্দিন, হাটহাজারীর ছাত্রলীগের নেতা জহির উদ্দিন, মো. হাসান ও আনোয়ার হোসেন। তাঁদের বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত প্রথম তিনজন সালাম এবং পরের দুজন ইউনুচের সমর্থক বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পাঁচটা নাগাদ দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলার দলীয় কার্যালয়ে সংগঠনের উত্তর জেলা কমিটির বর্ধিত সভা শুরুর পরপরই একই ভবনের তৃতীয় তলায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলার সময় উভয় পক্ষ লোহার রড, হকিস্টিক ইত্যাদি ব্যবহার করে। একপর্যায়ে বর্ধিত সভা থেকে বাইরে বেরিয়ে এসে সভার সভাপতি ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন দুই পক্ষকে ভবন থেকে বের করে দেন। এ কারণে সংঘর্ষ দোস্ত বিল্ডিংয়ের নিচের ব্যস্ত সড়কেও ছড়িয়ে পড়ে। ফলে নিউমার্কেট চত্বরের ওই এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় ওই এলাকা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে প্রায় আধা ঘণ্টা ধরে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটে।নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংঘর্ষের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁরা নিজেরাই সমঝোতার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলেছেন। কোনো পক্ষ থানায় মামলা করতে আসেনি। উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন চতুর্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করছিলাম, তখন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল নিয়ে তৃতীয় তলায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে সভা থেকে মোশাররফ ভাই এসে উভয় পক্ষকে ভবন থেকে বের করে দেন। সংঘর্ষে দুই পক্ষের চার-পাঁচজন আহত হওয়ার কথা আমিও শুনেছি।’ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হাটহাজারী উপজেলা ছাত্রলীগের কমিটি বহাল থাকবে বলে তিনি জানান। জানা গেছে, বিলুপ্ত কমিটি বহাল রাখার সিদ্ধান্তে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রসঙ্গত: উত্তর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গত ১৭ সেপ্টেম্বর হাটহাজারী ছাত্রলীগের পুরোনো কমিটি বাতিল করা হয়।