আ.লীগের সভাস্থলের পাশে ককটেল বিস্ফোরণ, আটক ১
ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীরহাট বাজারে গতকাল বুধবার আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দলীয় কর্মীরা মো. তারেক (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে মুন্সীরহাট বাজারে বিএনপি ও আওয়ামী লীগ হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলে করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাতজন কর্মী আহত হন। ওই সময় বিএনপির কর্মীরা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন ও সাইনবোর্ড ভেঙে ফেলেন। ওই হামলা ও ভাঙচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে মুন্সীরহাট বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে সমাবেশস্থলের পাশে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দেয় এবং অনেকেই এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মো. তারেক নামের এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।