আ.লীগের সমস্যা বিদ্রোহী বিএনপির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশাল, নয়াবাজার ও নবাবপুরের একাংশ, মালিটোলা ও গোয়ালনগর এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড। এখানে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন গোলাম মোস্তফা (ঘুড়ি)। তবে এখানে দলটির দুই বিদ্রোহী প্রার্থীও রয়েছেন মো. আবু সাঈদ (ব্যাডমিন্টন র্যাকেট) ও শরীফ হোসেন (ঝুড়ি)।
বিএনপির সমর্থন নিয়ে লড়ছেন ইয়াকুব সরকার (লাটিম)। তাঁর বিরুদ্ধে রয়েছে পাঁচটি মামলা। পুলিশি হয়রানির ভয়ে তিনি আত্মগোপনে আছেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাহেদুল হাসান (ঠেলাগাড়ি)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, বিএনপির প্রার্থী পালিয়ে বেড়াচ্ছেন। পোস্টার লাগানো ছাড়া তিনি ভোটারদের কাছে পৌঁছাতে পারেননি। আর বিদ্রোহী দুই প্রার্থী থাকায় বেকায়দায় আওয়ামী লীগ-সমর্থিত গোলাম মোস্তফা। বড় দুই দলের এই দুর্বলতার কারণে সুবিধাজনক অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী সাহেদুল হাসান।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সমস্যার কথা স্বীকার করে তিনি বললেন, ‘কিছু ভোট তো নষ্ট হবেই।’ তার পরও জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী, ‘দল আমাকে সমর্থন দিয়েছে। ৭০ শতাংশ নেতা-কর্মী আমার পক্ষে কাজ করছেন। ভালো সাড়াও পাচ্ছি।’
আবু সাঈদের দাবি, এলাকায় দলের অন্য দুই প্রার্থীর জনপ্রিয়তা কম। তাই ৮০ শতাংশ ভোট পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০-২৫ বছর ধরে রাজনীতি করি। এলাকার জনগণ আমাকে চায়। এ ছাড়া মুরব্বিরাও বলেছেন। তাই বাধ্য হয়ে নির্বাচন করছি।’ একই কথা বললেন আরেক বিদ্রোহী প্রার্থী শরীফ হোসেনও। তিনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক। বললেন, এলাকাবাসী তাঁকে ভোটে দাঁড় করিয়েছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী পলাতক থাকায় দলটির অধিকাংশ ভোট পাবেন বলে আশা করছেন স্বতন্ত্র প্রার্থী সাহেদুল। তিনি বলেন, ‘আওয়ামী লীগে ঝামেলা থাকায় তাদের সমর্থকদের ভোটও আমি পাব।’
গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মূল সড়ক ঠিকঠাক থাকলেও অলিগলি ভাঙাচোরা। পয়োনিষ্কাশন লাইনে সমস্যা। মাদকের সমস্যাও প্রকট।
জানা গেল, তাঁতীবাজার মোড়ে একটি পার্ক থাকলেও বেশ কয়েক বছর ধরে সেটি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা দখল করে ট্রাকস্ট্যান্ড বানিয়েছেন। ফলে স্থানীয় লোকজনের শরীরচর্চা ও বাচ্চাদের খেলা বন্ধ হয়ে গেছে।
ওয়ার্ডটির বড় অংশজুড়ে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ী একরামুল্লাহ হাবিব পারভেজ বললেন, এলাকার অধিকাংশ ফুটপাত দখল হয়ে গেছে। এ ছাড়া মূল সড়ক দখল করেও পণ্য ওঠানো-নামানো হয়। সে জন্য দিনের অধিকাংশ সময় যানজট লেগে থাকে। আর রাতের বেলায় ট্রান্সপোর্টের গাড়িগুলো নিজেদের খেয়ালখুশিমতো রাস্তার ওপর রাখা হয়। ফলে গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকে। বিষয়টির সুরাহা দরকার।
সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। গতকাল এই প্রতিবেদকের সঙ্গে ওয়ার্ডের পাঁচ কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা প্রত্যেকেই জয়ী হলে মাদক ও সন্ত্রাস নির্মূলসহ পার্কটি উদ্ধার, পয়োনিষ্কাশন লাইন সংস্কার, কবরস্থান নির্মাণসহ নানা অঙ্গীকার করলেন।