আ.লীগের সমাবেশে ওসি, ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী।

গত শুক্রবার বিকেলে শহরের গোয়ালচামট এলাকায় মহিম ইনস্টিটিউটের সামনে এ জনসভার আয়োজন করে ফরিদপুর পৌরসভার এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

মহিম ইনস্টিটিউটের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দুটি ভবন উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সভামঞ্চে মন্ত্রীর সঙ্গে ছিলেন কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খন্দকার আবদুল্লাহ আদ-দাদ। সরকারি কর্মচারী (আচরণ) বিধি ১৯৭৯ অনুযায়ী, সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওহিদুজ্জামান গত ২২ অক্টোবর সচিবদের নিয়ে এক জরুরি সভায় এ ব্যাপারে নির্দেশনা দেন। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

মন্ত্রী তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করেন। এলজিইডির প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ বছরে ফরিদপুর সদর উপজেলায় ১৫০ কোটি টাকার কাজ হয়েছে। এই সময়ে ২৪৮ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। পক্ষান্তরে বিগত বিএনপি সরকারের আমলে ১১ কোটি ৬০ লাখ টাকার কাজ হয়েছে এবং ৪৪ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে। এ সময় মন্ত্রীর আহ্বানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়িয়ে মন্ত্রীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন। ওসি ও ইউএনও মঞ্চে থাকলেও বক্তব্য দেননি।

সভায় নিজের উপস্থিত থাকার যুক্তি তুলে ধরে ইউএনও প্রথম আলোকে বলেন, ‘সভার শুরুতে দুটি সরকারি ভবন উদ্বোধন করা হয়। তা ছাড়া মন্ত্রী মহোদয় উপস্থিত, এ জন্য আমি প্রটোকল দেওয়ার জন্য মঞ্চে ছিলাম। সমাবেশ কারা আয়োজন করেছেন সেদিকে নজর দিইনি।’ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন, ‘যতক্ষণ উনি মন্ত্রী আছেন ততক্ষণ আমাদের প্রটোকল দিতে হবে। তা ছাড়া ওই অনুষ্ঠানটি রাজনৈতিক— এ কথা মন্ত্রীর সফরসূচির অনুষ্ঠানমালায় লেখা ছিল না।’

কোতোয়ালি থানার ওসি বলেন, ‘আমি নিরাপত্তার দায়িত্বে ছিলাম। অনুষ্ঠানের বিষয়টি আগে খেয়াল করিনি, যখন দেখলাম অনুষ্ঠানটি রাজনৈতিক তখন আস্তে করে নেমে এসেছি।’ সভায় সভাপতিত্ব করেন, মহিম ইনস্টিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্যামল বন্দ্যোপাধ্যায়। স্বাগত বক্তব্য দেন, ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান।

ফরিদপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি খসরুজ্জামান জানান, প্রটোকল বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকতে বা বক্তব্য দিতে পারবেন না। তবে প্রটোকল প্রশ্নে তাঁরা মঞ্চ থেকে দূরে অবস্থান করতে পারবেন।