আ.লীগের সমালোচনা পরিহার করে তারেকের উন্নয়ন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গত মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে দলীয় এক ইফতার অনুষ্ঠানেÿবাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা থেকে বিরত থেকে বলেছেন, সুখী, সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার জন্য রাজনৈতিক ও দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে। তিনি একই সঙ্গে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বিভাজন ভুলে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন।
লন্ডনের পূর্ব প্রান্তে এসেক্সের একটি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রবেশাধিকার ছিল সীমিত। অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমান তাঁর ঘণ্টা খানেকের বক্তৃতায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কৃষি, শিক্ষা, শিল্পায়ন, পরিবেশ ও জ্বালানি, অবকাঠামো ও স্থানীয় পর্যায়ে উন্নয়নের বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সরকারের সঠিক পরিকল্পনার অভাবে দেশের সব খাতে বর্তমানে এক নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অনেকের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের তুলে ধরা কর্মপরিকল্পনা গত বছরের জুলাইয়ে একই ধরনের ইফতার মাহফিলে তুলে ধরা কর্মসূচির অনুরূপ। গত বছর তারেক রহমান লন্ডনে তাঁর দ্বিতীয় প্রকাশ্য রাজনৈতিক বক্তৃতায় কৃষি, শিল্প, শিক্ষা, প্রযুক্তি, রপ্তানিমুখী অর্থনৈতিক নীতিমালা, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে পাঁচ বছরে কী কী পরিবর্তন বা কতটা উন্নযন সম্ভব, সেই চিত্র তুলে ধরেছিলেন। স্পষ্টতই সেটি ছিল নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহারের একটি প্রাথমিক রূপরেখা।
পরবর্তী সময়ে গত এক বছরে তারেক রহমান যেসব রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তার প্রতিটিকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্টি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক, যেগুলো মূলত ইতিহাসকেন্দ্রিক। গত মঙ্গলবারের অনুষ্ঠানে তারেক রহমানের দেওয়া বক্তৃতার কপির জন্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তা পাওয়া যায়নি।
অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য উপস্থিত দলীয় সদস্যদের প্রতি আহ্বান জানালেও তারেক রহমানের বক্তৃতা শেষে ইফতারের আগে মিলনায়তনে হইচই ও বিশৃঙ্খলা দেখা দেয়। অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্য বিএনপির সম্পাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানানো সত্ত্বেও অশান্ত পরিস্থিতির মধ্যে মোনাজাত শুরু হয়।