আ.লীগের সম্পাদকের বিরুদ্ধে সভাপতির জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে বাবুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক। হামলার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজ্জাক গত বুধবার রাতে গোলাম রসুলসহ আরও ছয়জনের নাম উল্লেখ করে ওই জিডি করেন।

আবদুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ওই ইউনিয়নের মনসাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে রিয়াদ হোসেনের ল্যাপটপ হারানো নিয়ে ইউপি চেয়ারম্যান গোলাম রসুল গত ২৪ আগস্ট রাতে একটি সালিস ডাকেন। ওই সালিসে চেয়ারম্যান চাপ প্রয়োগ করে তাঁর (রাজ্জাক) ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও তাঁর চার ছেলে হারুন উর রশিদ, আসমাউল, রাসেল ও ফরহাদকে ডেকে নিয়ে যান। সালিস চলার সময় চেয়ারম্যানের ইন্ধনে অনুগত লোকেরা আবুল কালাম আজাদ ও তাঁর চার ছেলের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে হারুন উর রশিদ, রাসেল ও ফরহাদ মারাত্মক আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা রাসেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় আবুল কালাম আজাদ সাতজনকে আসামি করে থানায় ২৫ আগস্ট মামলা করেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

আবদুর রাজ্জাক আরও বলেন, গত মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান গোলাম রসুলসহ মামলার আসামিরা তাঁর (রাজ্জাক) বাড়িতে গিয়ে আবুল কালাম আজাদ ও তাঁকে মামলা তুলে নিতে হুমকি দেন। তা না হলে তাঁদের হত্যা করা হবে বলেও হুমকি দেন তাঁরা। এ ঘটনায় গত বুধবার তিনি থানায় ওই জিডি করেন।

এ বিষয়ে গোলাম রসুল বলেন, রিয়াদের আবেদন পেয়ে সালিস ডাকা হয়। সালিসে হামলার ঘটনায় তাঁর ইন্ধন নেই। তিনি কাউকে হুমকি দেননি। রাজনৈতিক প্রতিপক্ষরা এসব ঘটাচ্ছে।

হাকিমপুর থানার ওসি আবদুস সবুর বলেন, রাজ্জাক থানায় জিডি করেছেন। ইউপি চেয়ারম্যান গোলাম রসুল গ্রাম্য সালিসের নামে একের পর এক বিচারবহির্ভূত কাজ করছেন।