আ.লীগের সম্ভাব্য দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় পৌরসভা নির্বাচনে আধিপত্য বিস্তারের জের ধরে একই গ্রামের আওয়ামী লীগের সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পৌর এলাকার জয়পুর গ্রামে গতকাল রোববার এ সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সম্ভাব্য দুই মেয়র প্রার্থী পৌর এলাকার জয়পুর গ্রামের বাসিন্দা সৈয়দ মসিয়ূর রহমান ও নাজমুল করিমের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।
গত শনিবার বেলা ১১টার দিকে জয়পুর স্ট্যান্ডে নছিমনে যাত্রী ওঠানো নিয়ে মসিয়ূর পক্ষের নজরুলের সঙ্গে নাজমুলপক্ষের রফিকের কথা-কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের লোকজন জড়ো হলে মসিয়ূর পক্ষের শওকত সরদার মারধরের শিকার হন। শওকত সরদারকে (৫০) লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর জের ধরে গতকাল ভোর ছয়টার দিকে জয়পুর তিন রাস্তা মোড়ে নাজমুল-সমর্থক হিরু মোল্লার ওপর হামলা করেন মসিয়ূরের সমর্থকেরা। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হিরু মোল্লা, বাচ্চু মোল্লা, দিলু মোল্লা, পান্নু মোল্লা ও রাব্বী মোল্লাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে উভয় পক্ষের পাঁচজনকে গতকাল আটক করা হয়েছে। তাঁরা হলেন আহাদ শিকদার, ওহিদুজ্জামান, ইমদাদুল ইসলাম, লিটন ও রাজ্জাক।
নাজমুল করিম বলেন, ‘শনিবারের ছোটখাটো ঘটনার পর বসে মীমাংসার কথা বলা হয়েছিল। না বসে আমার লোকজনের ওপর অতর্কিত হামলা করা হয়েছে।’ সৈয়দ মসিয়ূর রহমান বলেন, ‘শনিবার আমার লোককে মারায় আমার সমর্থকেরা ক্ষিপ্ত হয়েছিল। তবে সংঘর্ষ আমি ঠেকিয়েছি। আমি শান্তি চাই বলেই বেশি কিছু হয়নি।’
লোহাগড়া থানা ওসি মো. কামরুজ্জামান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।