আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা সাংসদের দিকে তাকিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে নড়াইলের কালিয়া পৌরসভার শীর্ষ পদে ছিলেন বেন্দারচর গ্রামের বিশ্বাস পরিবারের সদস্যরা। এ কারণে এবারও বিশ্বাস পরিবারের সন্তান ও নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির দিকে তাকিয়ে আছেন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

কবিরুল হক কালিয়া পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সাংসদ শহীদ এখলাছ উদদীন আহম্মদের ছোট ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও সম্ভাব্য মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংসদ কবিরুল যাঁকে সমর্থন দেবেন তিনিই কালিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হবেন। এ কারণে সাংসদের আনুগত্য পেতে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করেছেন। বিএনপি-জামায়াত এখনো নির্বাচন নিয়ে তেমন প্রচার-প্রচারণা শুরু করেনি।

জানতে চাইলে কবিরুল হক বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে। মনোনয়নের জন্য নির্বাচনী বোর্ডও থাকবে। সেখানে সাংসদের কোনো কর্তৃত্ব নেই। পৌর নাগরিকেরা যোগ্য ব্যক্তিকে বেছে নিতে আগেও ভুল করেননি, ভবিষ্যতে করবেও না।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পাঁচজন মেয়র প্রার্থী বলেন, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজনকে দাঁড় করিয়ে নির্বাচন করবেন। তাঁরা বিশ্বাস পরিবারের কবজা থেকে পৌরসভাকে মুক্ত করতে চান।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী কৃষ্ণপদ ঘোষ বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের কোনো প্রার্থীর হওয়ার সুযোগ নেই।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়র এমদাদুল হক দাবি করেন, ‘মেয়র হিসেবে আমি ভালো কাজ করেছি। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দেবে।’

জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেলী পারভিন বলেন, ‘দল মনোনয়ন দিলেও মেয়র নির্বাচন করব, না দিলেও করব।’

৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা বিএনপির সদস্য মেয়র প্রার্থী একরাম রেজা বলেন, ‘গণসংযোগ চালিয়ে যাচ্ছি। দল গ্রিন সিগন্যাল দিলে নির্বাচন করব। অন্যথায় নয়।’