আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা 'মামা'র দিকে তাকিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের দিকে তাকিয়ে আছেন। এলাকায় আয়মন আকবর ‘মামা’ হিসেবে পরিচিত।

উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন মিয়া, পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, সাবেক পৌর মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এ এফ এম সিদ্দিকুল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন মাতুব্বর, কাউন্সিলর ইউষা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।

মুরাদ হোসেন বলেন, ‘আমি মাঠে আছি। তবে মামার দিকে তাকিয়ে আছি। মামা যদি দোয়া দিয়ে বলেন, নৌকা নে, আমি নৌকা নেব, মামা যদি বলেন স্বতন্ত্র প্রার্থী হ, আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব। মামার কথা ছাড়া এক পাও নড়ব না।’ জাহিদ হোসেন বলেন, ‘আমরা মামা-আপার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। মামা সিদ্ধান্ত নেবেন, আপা অনুমোদন দেবেন। আমি মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।’ এ এফ এম সিদ্দিকুল আলম বলেন, ‘দলীয় মনোনয়ন মামার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমি বা রায়হান উদ্দিন মিয়ার মধ্যে কোনো একজন মনোনয়ন পাচ্ছি।’ তবে রায়হান উদ্দিন দাবি করেন, দলীয় মনোনয়ন তিনিই পাচ্ছেন। তাঁর এই আত্মবিশ্বাসের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘গত শুক্রবার ঢাকায় আপার (সাজেদা চৌধুরী) বাসায় মামার সঙ্গে দেখা হলে তিনি আমাকে আশীর্বাদ করেন। এ ছাড়া দেখেছি মামা আমাকে যেভাবে মূল্যায়ন করেন, তাতে আমি বুঝে নিয়েছি, মেয়র পদে দলীয় মনোনয়ন আমিই পাচ্ছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘আজ সোমবার সকাল ১০টায় আপার বাসায় বসে মামাকে নিয়ে নগরকান্দা পৌরসভার মেয়র প্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। মামা প্রার্থী চূড়ান্ত করবেন আর আপা ফরোয়াডিং দিয়ে সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠাবেন। এ ছাড়া জেলা কমিটির পক্ষ থেকে একই ফরোয়াডিং সভানেত্রীর কাছে দেওয়া হবে।’