আ.লীগের সময় শিক্ষায় ধর্মীয়করণ বেশি: মুনতাসীর মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের আমলেই শিক্ষায় সবচেয়ে বেশি ধর্মীয়করণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মুনতাসীর মামুন। তিনি বলেন, ১৯৪৭ সালের পর মোট ১১টি শিক্ষানীতি হয়েছে। এর মধে৵ ১৯৭২ সালের শিক্ষানীতি ছাড়া সব কটিতেই সাম্প্রদায়িকতার দিকে ঝোঁক আছে।

গতকাল সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক, নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ গঠনের সঙ্গে শিক্ষানীতি ও পাঠ্যসূচি চাই’ শিরোনামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুনতাসীর মামুন আরও বলেন, ১৯৭২ সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধু প্রথম যে কাজে হাত দিয়েছিলেন, সেটি ছিল শিক্ষানীতি তৈরি করা। কারণ, তিনি বুঝেছিলেন শিক্ষাই সবকিছু অর্জন করতে পারে। ৭২-এর পর থেকে যত শিক্ষানীতি হয়েছে, সব কটিতে সাম্প্রদায়িকতার দিকে ঝোঁক ছিল।
মুনতাসীর মামুন বলেন, ২০১৯ সালের আগে এই শিক্ষানীতির পরিবর্তন হবে না। কারণ, সরকার ভোটের জন্য এটা করেছে, শিক্ষা মন্ত্রণালয় নয়। হেফাজতের কৌশল এ ক্ষেত্রে সফল হয়েছে।
বক্তারা বলেন, পাকিস্তান আমলের চেয়ে শিক্ষানীতির অবস্থা খারাপ হয়েছে। অথচ দু-একটি ছাত্রসংগঠন ছাড়া কেউ প্রতিবাদ করেনি। কারণ, প্রতিবাদ করে কেউ বিপদে পড়তে চান না। পাশাপাশি কেউ কিছু হারাতেও চান না। হেফাজতে ইসলাম একটি চরম প্রতিক্রিয়াশীল দল। তাদের দাবিতে সরকার পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার বীজ বুনেছে; যার নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। মগজ ছাড়া একটি প্রজন্ম সৃষ্টি হবে।
পাঠ্যসূচির পরিবর্তন সবচেয়ে উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম। তিনি বলেন, নারী উন্নয়ন নীতি, সিডও সনদের ক্ষেত্রেও সরকারের আপসের মানসিকতা লক্ষ করেছি। এই নেতিবাচক মানসিকতার পরিবর্তন করতে হবে। শিক্ষাব্যবস্থা থেকে সাম্প্রদায়িকতা দূর করতে হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘দেশে প্রাথমিক-মাধ্যমিক পর্যায়ে আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। পাঠ্যপুস্তকের মাধ্যমে একজন শিক্ষার্থীকে গড়ে তোলা হয়; অথচ সেখানেই আমরা ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছি। আশা করছি, সবার প্রচেষ্টায় এই দুর্যোগময় পরিস্থিতির অবসান ঘটবে।’
এই মতবিনিময় সভায় সমাজের বিশিষ্টজন, বিভিন্ন সংগঠনের নারীনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।