আ.লীগের সময়ে চীন ও ভারতের সঙ্গে বেশি চুক্তি
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারতের সঙ্গে ১৩৪টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল, চীনের সঙ্গে ১০১টি সমঝোতা ও দ্বিপক্ষীয় চুক্তি এবং রাশিয়ার সঙ্গে ২৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের মোট ২৬৩টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে ১৯৯টি, বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে ৪৭টি, এরশাদ সরকারের সময় নয়টি ও সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটটি।