আ.লীগের সরবে, বিএনপির নীরবে মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থীরা সরবে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপি-মনোনীত প্রার্থীরা অপেক্ষাকৃত নীরবে মনোনয়নপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার ছিল চতুর্থ দফা ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে গতকাল সকাল থেকেই জড়ো হতে থাকেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যপদের মনোনয়নপত্র জমাদানকারী ও তাঁদের সমর্থকেরা। এসব মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ঠাকুরগাঁও শহর।

গতকাল সরেজমিনে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীরা বাস, মোটরসাইকেল, পিকআপ, নছিমন, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মী-সমর্থকদের নিয়ে আসেন। উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দিতে অনেক প্রার্থী আত্মীয়স্বজনদেরও সঙ্গে করে নিয়ে আসেন। অনেকেই মনে করছেন, দলীয় মনোনয়ন পাওয়া মানেই চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার প্রথম ধাপ উত্তীর্ণ হওয়া।

উল্টো চিত্র দেখা যায় বিএনপি-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের বেলায়। সুবিধামতো সময় দেখে কিছুটা নীরবেই তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রহিমানপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবু হাসান মো. আবদুল হান্নান বলেন, ‘ঝামেলা এড়াতে আমরা নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে নির্বাচন চালিয়ে যেতে চাই। তাই দলের প্রায় সবাই আচরণবিধির মধ্যে থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

রায়পুর ইউনিয়নে বিএনপির প্রার্থী তোফায়েল হোসেন বলেন, ‘ঝামেলা এড়াতে সুবিধাজনক সময় দেখে নির্বাচন কমিশনের নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দিয়েছি।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত বলেন, দলের ইউনিয়ন পর্যায়ের জনপ্রিয় নেতারা এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন। তাঁদের সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ অনেকেই আসতে পারেন। তাঁদের দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনেই সব কাজ করছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম বলেন, ‘দেশে নির্বাচন এলেই ভোটারের মনে উৎসব উৎসব ভাব সৃষ্টি হয়। এ কারণে এলাকার প্রার্থীদের সঙ্গে অনেক লোকজন মনোনয়নপত্র জমা দিতে আসেন। শেষ পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারব।’