আ.লীগের সহযোগিতায় জমি দখল করল বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় বিএনপির একদল সমর্থক এক ব্যক্তির সাড়ে তিন বিঘা জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, দখলকারীরা তাঁদের একটি ঘরও পুড়িয়ে দিয়েছেন। এ ছাড়া ৩০ হাজার টাকা লুট করা হয়েছে। গত সোমবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।সংশিষ্ট সূত্রে জানা গেছে, বামনখালী বাজার-সংলগ্ন বামনখালী মৌজার ২১৮ খতিয়ানের ৪৪৩ নম্বর দাগের সাড়ে তিন বিঘা জমি একই এলাকার মোকছেদ আলী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পরে ওই জমি খাস খতিয়ানভুক্ত হয়। এরপর মোকছেদ আলীর ছেলে মিয়ার আলী ও এরশাদ আলী বাদী হয়ে সরকারের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা করেন। মামলাটি বিচারাধীন।মিয়ার আলী ও মোকছেদ জানান, চারদলীয় জোট সরকারের আমলে একই এলাকার বিএনপির সমর্থক ইসরাফিল হোসেন ও মোস্তাফিজুর রহমান ওই সাড়ে তিন বিঘা জমি দখল করে নেন। প্রায় ১০ মাস আগে ওই জমি তাঁরা নিজেদের দখলে আনেন। এর পর থেকে তাঁরা সেখানে বসবাস করে আসছিলেন। কিন্তু সোমবার ভোরে ইসরাফিল হোসেন ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা এরশাদের মেয়ে শিল্পী খাতুনকে (২২) মারধর করে। মিয়ার আলী ও মোকছেদের অভিযোগ, এ ঘটনায় পুলিশের সহযোগিতা চাওয়া হলে তারা কোনো ভূমিকা নেয়নি। থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে তাঁরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।বিএনপির সমর্থক ইসরাফিল হোসেন জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাঁদের দখলে থাকা ওই জমি মিয়ার আলী ও এরশাদ জবরদখল করেন। সোমবার তাঁরা ওই জমি পুনরুদ্ধার করেছেন। তবে ঘরে আগুন ও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুল করিম জানান, ইসরাফিল তাঁদের দলের সমর্থক। কয়েক মাস আগে তাঁকে উচ্ছেদ করে ওই জমি দখল করা হয়। সোমবার ওই জমি পুনরুদ্ধার করেন ইসরাফিল।কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী জানান, এটি খাসজমি। কয়েক মাস আগে আওয়ামী লীগের সমর্থক মিয়ার আলী ও এরশাদের নেতৃত্বে ওই জমি দখলে নেওয়া হয়। গতকাল বিএনপির সমর্থকেরা তা উদ্ধার করেন। এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর হাত নেই। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ওই জমি নিয়ে মামলা থাকায় পুলিশ এ ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম জানান, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন।