
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন জালাল উদ্দিন নামের একজন মুক্তিযোদ্ধা।
বাদী জালাল উদ্দিনের বাড়ি ফুলবাড়িয়ার জোরবাড়িয়া গ্রামে। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুল হক মামলাটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলায় মোসলেম উদ্দিন ছাড়াও আরও ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবার বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়। মামলায় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সাংসদ ও বর্তমান ধর্মমন্ত্রী মতিউর রহমান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ ২৪ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার বিবরণ ও বাদীর আইনজীবীর অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন মোসলেম উদ্দিনসহ আসামিরা। মোসলেম উদ্দিন ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হন। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি রাজাকার ও আলবদর বাহিনীতে যোগ দেন।
অভিযোগের বিষয়ে সাংসদ মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, একই অভিযোগে চার বছর আগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। তদন্ত করে মামলাটি শেষ হলে তিনি অভিযোগ থেকে রেহাই পান। রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতে তাঁর শত্রুপক্ষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে চক্রান্ত করে এ মিথ্যা মামলা করেছে।
সাংসদ আরও বলেন, তিনি স্বাধীনতাবিরোধী হলে ’৭২ সালের গণপরিষদের সদস্য হতে পারতেন না। সে সময় স্বাধীনতার বিরোধিতাকারী ২৩ জনকে গণপরিষদ থেকে বাদ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ তাঁকে সাতবার মনোনয়ন দিয়েছে। তিনি পাঁচবার আওয়ামী লীগের সাংসদ হয়েছেন।
মামলার সাক্ষী ধর্মমন্ত্রী মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা ধরেননি।