আ.লীগের সাংসদের চাপে ঘাটাইলে ফলাফল স্থগিত!
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। স্থানীয় সাংসদের চাপে ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ক্ষোভের মুখে ঘাটাইলের রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা স্থগিত রাখতে বাধ্য হন। গত সোমবার রাতের ওই ঘটনায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ রাখা হয় বলেও অভিযোগ উঠেছে। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িও রেহাই পায়নি। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মতিউর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণায় প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেছেন।বিরোধের সূত্রপাত যেভাবে: ঘাটাইল পৌরসভার নয়টি ভোটকেন্দ্রের মধ্যে গত সোমবার রাত নয়টার মধ্যে আটটি কেন্দ্রের ফলাফল চলে আসে। এতে মহাজোটের প্রার্থী মো. হাসান আলী পান পাঁচ হাজার ৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মো. মঞ্জুরুল হক পান চার হাজার ৮৬০ ভোট। এ সময় ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের (৯ নম্বর ওয়ার্ড) ফলাফল আসা বাকি ছিল। তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মতিউর রহমান (ঘাটাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা) রাত পৌনে নয়টার দিকে কেন্দ্রে ফলাফল ঘোষণা করে দেন। এতে দেখা যায়, মহাজোটের প্রার্থী পেয়েছেন ৬৫০ ভোট এবং বিএনপির প্রার্থী পেয়েছেন ৯৩৯ ভোট। অর্থাৎ সার্বিক ফলাফলে বিএনপির প্রার্থী ৭০ ভোটে এগিয়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাজোটের পরাজয় নিশ্চিত জেনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আবদুল হালিম এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম কয়েক শ নেতা-কর্মী নিয়ে রাত নয়টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে হামলা চালান। একপর্যায়ে রাত নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নীলিমা আফরোজ ওই কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে উদ্ধার করেন এবং ফলাফল ও ব্যালট বাক্স নিয়ন্ত্রণকক্ষে (রিটার্নিং কর্মকর্তার কার্যালয়) নিয়ে আসেন।অবরুদ্ধ কয়েক ঘণ্টা: নিয়ন্ত্রণকক্ষে ফলাফল আসার পর শুরু হয় অবরোধ-নাটক। এ কক্ষে অপেক্ষমাণ স্থানীয় সাংসদ মতিউর রহমান ৯ নম্বর ওয়ার্ডের ফল ঘোষণায় বাধা দেন। তিনি বলেন, ‘ওই কেন্দ্রের ভোট নিয়ে আমাদের অভিযোগ আছে।’ প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা ফলাফলে স্বাক্ষর করার পর তা নিয়ে অভিযোগ করা যায় না—রিটার্নিং কর্মকর্তা এমন মত প্রকাশ করলে সাংসদ ক্ষিপ্ত হন। তিনি নেতা-কর্মীদের লিখিত একটি অভিযোগ দিতে বলেন। ঘাটাইল পৌরসভায় মহাজোটের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুল হালিম প্রায় এক ঘণ্টা পর একটি লিখিত অভিযোগ দেন।অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আপনাদের অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হবে। তবে আমার কাছে যে ফলাফল আছে এখন আমি তা ঘোষণা করব।’ এই বলে তিনি মাইকে ফল ঘোষণার উদ্যোগ নেন। তখন রাত সাড়ে নয়টা। এ সময় সাংসদের উপস্থিতিতে নিয়ন্ত্রণকক্ষে থাকা শতাধিক নেতা-কর্মী উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা রিটার্নিং কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নেতা-কর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে উত্তেজিত কর্মীরা রেলিং ভেঙে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকে পড়েন। এ পরিস্থিতিতে সাংসদ মতিউর রহমান বারবার রিটার্নিং কর্মকর্তাকে মনে করিয়ে দেন, ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের ফলাফল বাতিল করা না হলে পরিস্থিতি ভয়াবহ হবে। রাত ১২টার দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নিয়ন্ত্রণকক্ষে উপস্থিত সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন প্রার্থীর এজেন্টদের সামনে আবেগাপ্লুত কণ্ঠে রিটার্নিং কর্মকর্তা ৯ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত রাখেন। এ সিদ্ধান্ত না মেনে মহাজোটের নেতারা ওই কেন্দ্রের ফলাফলের মূল কপিটি দাবি করেন। রিটার্নিং কর্মকর্তা তা দিতে অস্বীকার করেন এবং বলেন, ‘এ ধরনের একটি সরকারি দলিল কোনো ব্যক্তির হাতে দেওয়া যায় না।’ অদ্ভুত দাবি: ফলাফলের মূল কপি না পেয়ে মহাজোটের নেতারা এক অদ্ভুত দাবি করে বসেন। তাঁরা বলেন, এত ঝুট-ঝামেলা না করে মহজোটের প্রার্থী হাসান আলীকে জয়ী ঘোষণা করা হোক। নির্বাচনী আইনের কথা স্মরণ করে দিয়ে এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের এ ধরনের দাবি পূরণ করা সম্ভব নয় বলে জানান। শেষ পর্যন্ত রাত একটার দিকে সাংসদসহ মহাজোটের নেতা-কর্মীরা রিটার্নিং কর্মকর্তার কক্ষ ত্যাগ করেন। সাংসদসহ সংশ্লিষ্টদের বক্তব্য: বিএনপি-সমর্থিত প্রার্থী মো. মঞ্জুরুল হক বলেন, ‘আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।’সাংসদ মতিউর রহমান দাবি করেন, তাঁর প্রভাবে ফলাফল ঘোষণা স্থগিত হয়নি। তিনি উল্টো অভিযোগ করেন, ‘বিএনপির কিছু লোক আমাদের এজেন্টের কাছ থেকে জোর করে সই নিয়েছে। এমনকি বিএনপির লোকজন ব্যালট পেপার বাইরে পাঠিয়েছিল—সেটাও আমাদের কাছে ধরা পড়েছে।’ ভাঙচুরের ঘটনা দুঃখজনক উল্লেখ করে সাংসদ বলেন, রাতের আঁধারে কে বা কারা ভাঙচুর চালিয়েছে তা তিনি জানেন না।রিটার্নিং কর্মকর্তা ও ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার যা বলার নির্বাচন কমিশনকে জানাব। ঘটনাটি ঘাটাইলবাসীর জন্য একটি বাজে উদাহরণ হয়ে থাকবে।’ঘাটাইল থানার ওসি মমিনুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, মাইকে ফলাফল ঘোষণার সময় ঘটনাস্থলে ব্যাপক লোকসমাগম হয়েছিল। পরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।