আ.লীগের সাংসদের জরিমানার প্রস্তাব, বিএনপির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সাংসদকে জরিমানা করার প্রস্তাব করেছেন সরকারি দলের তরুণ সাংসদ জুনায়েদ আহমেদ। তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেছেন বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ।

আওয়ামী লীগের সাংসদ জুনায়েদ আহমেদ গত সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদে অশ্লীল বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সাংসদকে ৩০ হাজার টাকা জরিমানার প্রস্তাব করেন। এই টাকা সংশ্লিষ্ট সাংসদের বেতন থেকে কেটে নেওয়ার কথা বলা হয়।

এদিকে বিরোধী দলের সাংসদ মওদুদ আহমদ গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, সরকারি দলের এক সদস্য যে জরিমানার প্রস্তাব করেছেন, এতে বিএনপির সমর্থন আছে। মওদুদ ফ্রি থিংকারস ফোরাম নামের একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নারায়ণগঞ্জে ভারতীয় কনটেইনার টার্মিনাল: কার স্বার্থে?’ শীর্ষক আলোচনা সভায় এই সমর্থনের কথা জানান।

মওদুদ বলেন, ‘অনেক দিন পর আমরা সংসদে গেলেও শুরু থেকে সংসদ কার্যকর রাখার কথা বলেছিলাম এবং সে জন্য পরিবেশ তৈরির জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু স্পিকারের ভালো একটি রুলিংয়ের পরও সরকারি দলের সাংসদেরা আমাদের দলের নেতাদের কটূক্তি করে বক্তব্য দিচ্ছেন। তাঁরা পারলে আমরা কেন বক্তব্য দিতে পারব না? কিন্তু এখন তাঁদেরই একজন অশালীন বক্তব্যের জন্য ৩০ হাজার টাকা জরিমানার যে প্রস্তাব দিয়েছেন, তা আমরা সমর্থন করি।’

নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ ওই আলোচনা সভায় বক্তব্য দেন।