দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ আজিজুল হক চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন দলীয় নেতারা। সম্প্রতি দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব অভিযোগ করা হয়। হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত।বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন অভিযোগ করেন, আজিজুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকে দলের সঙ্গে সমন্বয় করে কোনো কাজ করেননি। স্থানীয় পর্যায়ে সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজে নেতা-কর্মীদের সম্পৃক্ত না করে নিজের আত্মীয়স্বজন ও বিএনপি-জামায়াতের লোকদের কাজ দিয়েছেন। এমনকি বিধি না মেনে বিরামপুরের একটি কলেজের অধ্যক্ষ হিসেবে জামায়াত-সমর্থিত এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, সাংসদ টাকার বিনিময়ে এই চার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়েছেন। তিনি দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগকে ‘কবর’ দিয়েছেন।ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহান শাহ বলেন, এলাকার মানুষ সাংসদকে ‘হাফ পারসেন্ট’ বা ‘ফিফটি পারসেন্ট’ বলেন। তিনি এতই অনিয়ম ও দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়েছেন যে দলের নেতা-কর্মীদের চিনতে পারেন না। টিআর, কাবিখা, কাবিটা, ভিজিডি ও ভিজিএফ—সরকারের যেই বরাদ্দই আসুক না কেন, সাংসদ আজিজুল হক চৌধুরী অর্ধেক ভাগ নেন। তারপর এসব বিলে স্বাক্ষর করেন। ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ে সংসদীয় এলাকার অধিকাংশ নেতা তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু হানিফ সরকার বলেন, প্রধানমন্ত্রীর কাছে সাংসদের বিরুদ্ধে অভিযোগ করার সময় উপস্থিত থাকলেও সাংসদ কোনো প্রতিবাদ করেননি। তাঁর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া না হলে দলের অপূরণীয় ক্ষতি হতে পারে। একই কথা বলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী সাদিক। দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আহসান প্রথম আলোকে বলেন, স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীর কাছে সাংসদ আজিজুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন। কারও বক্তব্য তাঁর পক্ষেও গেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন। তবে প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার কথা বলেছেন। সাংসদ আজিজুল হক চৌধুরীর বক্তব্য জানার জন্য ফোন করলে তাঁর দুটি মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টা আট মিনিটে তাঁর মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়েও গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত সহকারী ও ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহেল সাফি প্রথম আলোকে বলেন, সাংসদ ব্যস্ত আছেন।