চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
আ.লীগের সাংসদের স্ত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ
আওয়ামী লীগের সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, মানবতাবিরোধী আলশামস কমান্ডার মোমিনুল হক চৌধুরীর পক্ষে সাফাই গাইতে গিয়ে তাঁর মেয়ে রিজিয়া বেগম চৌধুরী বলেছেন, তাঁর বাবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন। রিজিয়া বেগম একজন সাংসদের (সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মো. নেজামউদ্দিন নদভী) স্ত্রী। তিনি মিথ্যাচার করে তাঁর বাবার অপকর্ম ঢাকতে চাইছেন। মোমিনুল হক চৌধুরীর যুদ্ধকালীন অপকর্মের বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সাকা চৌধুরীর চট্টগ্রাম নগরের বাড়ি (গুডস হিল) অধিগ্রহণ করে জাদুঘরে পরিণত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর নির্যাতনকেন্দ্র ডালিম হোটেল অধিগ্রহণ করে সেখানেও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্রে মুক্তিযুদ্ধ স্মরণে স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করারও দাবি জানান মুক্তিযোদ্ধারা। পাশাপাশি নগরের বধ্যভূমি ও যুদ্ধের স্থানগুলো সংরক্ষণ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার দাবিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার কামান্ডার এবং চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।