আ.লীগের সাবেক নেতা মোবারকের মামলার রায় আজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এটি হবে সাবেক কোনো আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার রায়ের এদিন ধার্য করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। এ নিয়ে ট্রাইব্যুনাল-১ ষষ্ঠ মামলার রায় দিতে যাচ্ছেন। আর দুই ট্রাইব্যুনাল মিলিয়ে এটি হবে ১৩তম রায়।
মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারকের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে গত ২ জুন রায় অপেক্ষমাণ রাখা হয়। গত বছরের ২৩ এপ্রিল তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। এ মামলায় রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ ১২ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাক্ষ্য দেন মোবারক ও তাঁর ছেলে। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে মামলার কার্যক্রম শেষ হয়।
এ পর্যন্ত দুই ট্রাইব্যুনালের দেওয়া ১২টি মামলার রায়ের মধ্যে সাতটি জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে, দুটি সাবেক জামায়াত নেতাদের বিরুদ্ধে এবং তিনটি বিএনপির নেতাদের বিরুদ্ধে।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মোবারক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সে সময় তিনি স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন৷ মুক্তিযুদ্ধের পর তিনি জামায়াতের ইউনিয়ন পর্যায়ের সদস্য (রুকন) হন৷ পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।
মোবারকের বিরুদ্ধে পাঁচ অভিযোগ: মোবারকের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ২২ আগস্ট মোবারক ও অন্য রাজাকাররা আখাউড়ার টানমান্দাইল গ্রামের ২৬ জন ও জাঙ্গাইল গ্রামের সাতজনকে বাছাই করে তেরোঝুড়ি হাজতখানায় নিয়ে যায়৷ ২৩ আগস্ট পাকিস্তানি সেনা ও রাজাকাররা ওই ৩৩ জনকে গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে গুলি করে হত্যা করে মাটিচাপা দেয়৷
দ্বিতীয় অভিযোগ, মুক্তিযুদ্ধকালে মোবারক ও অন্য স্বাধীনতাবিরোধীরা মিলে ব্রাহ্মণবাড়িয়ার ‘আনন্দময়ী কালীবাড়ী’ মন্দিরের মূর্তি ভাঙচুর ও মালামাল লুটের পর এটি দখল করে ‘রাজাকার মঞ্জিল’ নাম রাখে৷ ২৪ অক্টোবর মোবারক শিমরাইল গ্রামের আশুরঞ্জনকে অপহরণ করে আহত অবস্থায় চার দিন ‘রাজাকার মঞ্জিলে’ আটক রাখেন এবং ২৮ অক্টোবর তাঁকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করেন৷
তৃতীয় অভিযোগ, একাত্তরের ১১ নভেম্বর রাতে মোবারক তাঁর সশস্ত্র রাজাকার সহযোগীদের নিয়ে ছাতিয়ান গ্রামের আবদুল খালেককে অপহরণ করে সুহিলপুর ইউনিয়ন পরিষদের রাজাকার ক্যাম্পে নিয়ে যান ও শারীরিকভাবে নির্যাতন করেন৷ ওই রাতেই খালেককে তিতাস নদীর পশ্চিম পাড়ে বাকাইল ঘাটে নিয়ে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়৷
চতুর্থ অভিযোগ, একাত্তরের ২৪-২৫ নভেম্বর দুপুরে মোবারকের নেতৃত্বে রাজাকারদের একটি দল খড়মপুর গ্রামের খাদেম হোসেন খানকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার স্টেশন রোড থেকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্থাপিত সেনাক্যাম্পে আটক রেখে নির্যাতন করে৷ ৬ ডিসেম্বর অন্য কয়েকজন বন্দীর সঙ্গে তাঁকেও কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়৷
পঞ্চম অভিযোগ, একাত্তরের ২৮-২৯ নভেম্বর রাত ১১টার দিকে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সঙ্গে নিয়ে মোবারক খড়মপুর গ্রামের আবদুল মালেক ও আমিরপাড়া গ্রামের মো. সিরাজকে অপহরণ করেন৷ ৬ ডিসেম্বর সিরাজকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
যেভাবে ট্রাইব্যুনালে এই মামলা: ২০০৯ সালের ৩ মে মোবারকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করেন একাত্তরের শহীদ আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম৷ মোবারক হাইকোর্ট থেকে ছয় মাসের অর্ন্তবর্তীকালীন জামিন পান৷ পরে স্থানীয় আদালত এই মামলা ট্রাইব্যুনালে স্থানান্তরিত করেন। মোবারকের বিরুদ্ধে যখন মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছিল, তখন এই ট্রাইব্যুনাল তাঁকে জামিন দিয়েছিলেন৷ গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে৷ ১২ মার্চ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে মোবারকের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠান৷ ওই সময় থেকে তিনি কারাগারে আটক রয়েছেন৷
মোবারককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর
গাজীপুর প্রতিনিধি জানান, ট্রাইব্যুনাল-১ রায়ের দিন ধার্য করায় মোবারক হোসেনকে গতকাল বিকেলে গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর কারাধ্যক্ষ মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।