আ.লীগের সাবেক সাংসদের বিরুদ্ধে জিডি
ময়মনসিংহ ৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্পবিষয়ক সম্পাদক আবদুছ সাত্তারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত সোমবার দুপুরে জিডি হলেও তা জানাজানি হয় রাতে। ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরগঞ্জ থানায় নথিভুক্ত ৩০৫ নম্বর জিডির বিবাদী উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। আসন্ন ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। জিডিতে তিনি উল্লেখ করেন, ১১ এপ্রিল বেলা ২টা ২৯ মিনিটে সাবেক সাংসদ তাঁকে ফোন করেন। কথাবার্তার একপর্যায়ে হুমকির সুরে বলেন, ‘আগামী ২৩ এপ্রিলের নির্বাচনে তাঁর অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান পরাজিত হলে তাঁকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা করা হবে।’
গতকাল মঙ্গলবার বিকেলে আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, এ ধরনের হুমকির পর তিনি চিন্তিত হয়ে পড়েন। বিষয়টি তিনি পরিচিতজনদের অবহিত করেন। পরে পরিবারের লোকজনের পরামর্শে থানায় গিয়ে জিডি করেন।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক সাংসদ আবদুছ সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আসাদুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে আমি চেয়ারম্যান বানিয়েছি। আসন্ন নির্বাচনে তাঁকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে অনুরোধ করেছি মাত্র।’