আ.লীগের সেই নেতা ইয়াবাসহ গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নাজিম উল্লাহ ইয়াবা বড়ি, গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। নান্দাইল মডেল থানার পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকায় ওই নেতার ব্যক্তিগত কার্যালয়ে গতকাল ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় কার্যালয় থেকে ১৩টি ইয়ারা বড়ি ও গাঁজার ১০টি শলাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের ওই নেতাকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এসআই মাহমুদুল হাসান জানান, গতকাল গ্রেপ্তারের পরই আদালতের মাধ্যমে তাঁকে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নান্দাইলে নাজিম উল্লাহর উদ্যোগে চলা জুয়ার আসর নিয়ে গত জুলাই মাসে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তখন ইত্তেফাক-এর নান্দাইল প্রতিনিধি শাহ আলম ভূঁইয়াকে মারধর করেন তিনি। পরে শাহ আলমের করা মামলায় সপ্তাহ দুয়েক কারাভোগও করেন নাজিম।