আ.লীগের সেই নেতার বিরুদ্ধে জমি ঘুষ নেওয়ার অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মোল্লা নগদ অর্থ ও একটি জমি ঘুষ হিসেবে নিয়ে এক ব্যক্তিকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
আওয়ামী লীগের ওই নেতার বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনে এলাকাবাসী সম্প্রতি রাজশাহী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন৷ এ নিয়ে গত ২৮ মে প্রথম আলোয় ‘আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷
এলাকাবাসীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, আবদুর রাজ্জাক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে স্থানীয় সাংসদের বরাদ্দপত্র (ডিও লেটার) নিয়ে স্থানীয় গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হন৷ এর পর থেকে তিনি নিয়োগ-বাণিজ্য শুরু করেন৷
অনুসন্ধানে জানা গেছে, আবদুর রাজ্জাক ওই মাদ্রাসায় এমএলএসএস (পিয়ন) পদে স্থানীয় শহিদুল ইসলাম নামের এক তরুণকে ২০১২ সালে নিয়োগ দেন৷ ওই বছরের ১৭ জুন শহিদুল যোগদান করেন৷ এর আগে ২৪ মে তাঁর ছয় লাখ টাকা দামের ১৫ শতক জমি আবদুর রাজ্জাক মোল্লা ও তাঁর স্ত্রী জরিনা বেগমের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়৷ ভবানীগঞ্জ ভূমি সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০৩৯ ও ২০৪৩ নম্বর দাগে মোট ১৫ শতক জমি রেজিস্ট্রি করা হয়েছে৷ ওই জমির বাজারমূল্য ছয় লাখ টাকা হলেও দলিলে ৯০ হাজার টাকা দেখানো হয়েছে৷
এমএলএসএস পদে নিয়োগ পাওয়া শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাকরির জন্য চার লাখ টাকা দেওয়ার পর ওই মাদ্রাসার সভাপতি জিমটি দাবি করেন৷ পরে তিনি চাকিরর জন্য সভাপতিকে তাঁর শেষ সম্বল ১৫ শতক জমিটিও রেজিস্ট্রি করে দেন৷
ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আকবর আলী বলেন, তিনিও শুনেছেন, জমি ঘুষ নিয়ে শহিদুলকে চাকির দেওয়া হয়েছে৷ ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে জানান৷
আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক প্রথমে জমি ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, এটা তাঁর বিরুদ্ধে অপপ্রচার৷ পরে ওই জমি রেজিস্ট্রির তারিখ ও দলিল নম্বরের কথা জানালে তিনি বলেন, দুই শতক জমি ৪০ হাজার টাকায় তিনি কিনেছেন৷ ওই দলিলে ১৫ শতাংশ জমির কথা উল্লেখ রয়েছে বলে জানালে তিনি আর কোনো কথা বলেননি৷
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ওই জমিতে পাকা ঘর নির্মাণ করা হয়েছে৷
বাগমারা উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক৷