বগুড়ার শাজাহান-পুরের খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) মনোনয়নপত্র দাখিলের দিন ‘নির্বাচনী ভোজ’-এর আয়োজনকারী আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম গতকাল মঙ্গলবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুককে এ নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করে নুরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের দিন কর্মীদের জন্য ভোজের আয়োজন করার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নোটিশে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দুদিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছে।’
আবদুল্লাহ আল ফারুক গত সোমবার খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসার মাঠে এই ‘নির্বাচনী ভোজ’ আয়োজন করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় সংবাদ ছাপা হয়।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদনটি নির্বাচন কমিশনের নজরে আসার পর একজন সচিব ফোন করে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সে অনুযায়ী ওই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচনী ভোজে ১৮ মণ চালের ভাত আর ৫ মণ গরুর মাংসের সঙ্গে ১৫ মণ আলু দিয়ে তরকারি রান্না করে ৫-৬ হাজার কর্মীকে খাওয়ানো হয়। এর আগে মোটরসাইকেলের শো-ডাউন ও মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের এই প্রার্থী।