আ.লীগের হস্তক্ষেপে সড়কে আবার অবৈধ রিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে রাজশাহী মহানগরে গত রোববার ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হয়। কিন্তু গতকাল সোমবার মহানগর আওয়ামী লীগের হস্তক্ষেপে পাঁচ হাজারের বেশি অবৈধ রিকশা আবার রাস্তায় নেমেছে।
গতকাল দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামানের মধ্যস্থতায় রাজশাহী সিটি করপোরেশন শর্ত সাপেক্ষে রিকশা চালানোর অনুমতি দেয়। অথচ এসব রিকশার সনদ (লাইসেন্স) এক বছর আগে বাতিল হয়।
আবার নতুন করে সনদ দেওয়া হবে কি না, জানতে চাইলে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরের সাধারণ সভায় এই রিকশাগুলোর সনদ বাতিল করা হয়। আবার সাধারণ সভা না ডেকে তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। অবৈধ রিকশা তাহলে কীভাবে মহানগর এলাকায় চলবে, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সনদ বাতিলের পর সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রিকশামালিকদের পক্ষ থেকে অনুরোধ করেছিলেন। তাঁরা বলেছিলেন, এসব রিকশার মালিকেরা অনেকেই বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে রিকশা কিনেছেন। ঋণ পরিশোধ করার জন্য সময় দিতে হবে। তাঁদের গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী, গত রোববার মহানগরে দুই আসনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ছিল।
খায়রুজ্জামান গতকাল রিকশামালিক ও চালকদের মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ডাকেন। কিন্তু সকাল সাড়ে ১০টা থেকে রিকশামালিক ও চালকেরা নগরের কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন। বেলা ১১টার দিকে খায়রুজ্জামান সেখানে যান। এরপর কার্যালয়ের ভেতরে রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা আবু সাঈদ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান এবং রিকশার মালিক-চালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন খায়রুজ্জামান। বৈঠকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের মহানগর সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ১১টি শর্তে নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়। দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থানরত প্রায় দুই হাজার রিকশাচালকের উদ্দেশে এ ঘোষণা দেন খায়রুজ্জামান।
১১টি শর্তের মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটারে নামিয়ে আনতে হবে, রিকশার কাঠামো পরিবর্তন করতে হবে, রিকশায় মোটা চাকা লাগাতে হবে, হাতের পাশাপাশি পায়ের মাধ্যমেও তিন চাকাতেই ব্রেক লাগাতে হবে এবং রিকশা চালাতে রাজশাহী সিটি করপোরেশন থেকে চালনার (ড্রাইভিং) সনদ নিতে হবে। এক বছরের মধ্যে এসব শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশন নতুন কোনো রিকশাকে সনদ দেবে না। বিভিন্ন উপজেলার ব্যাটারিচালিত রিকশা এখন থেকে এ শহরে ঢুকতে পারবে না।
নগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান বলেন, ‘গরিব মানুষের সঙ্গে তো পারা যায় না। রিকশা বন্ধ করে দিলে তারা খাবে কী—এসব বিবেচনা করে শেষবারের মতো সময় বাড়ানো হয়েছে।’