আ.লীগের হামলায় এসআই আহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহড়া দিয়ে গতকাল বুধবার বিকেলে শহরে ঢোকার সময় পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তাঁদের টেঁটার আঘাতে থানার একজন উপপরিদর্শক (এসআই) আহত হন।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল আহাদকে আটক করেছে পুলিশ।
দলীয় সূত্র জানায়, গত রোববার উপজেলা সদরে অনুষ্ঠিত দলীয় আলোচনা সভায় বক্তৃতার সুযোগ না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়ের সঙ্গে আবদুল আহাদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর মামলার ভয়ে তিনি গা-ঢাকা দেন। কিন্তু দল থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আহাদ গতকাল বিকেল তিনটার দিকে নেতা-কর্মীসহ উপজেলা সদরের কলেজ মোড় থেকে মহড়া দিয়ে এলাকায় ডুকছিলেন। এ সময় থানা মোড়ে পুলিশ তাঁদের বাধা দিলে আহাদের সমর্থকদের মধ্য থেকে পুলিশের উদ্দেশে টেঁটা ছুড়ে মারা হয়। এতে নাসিরনগর থানার এসআই শাহজাহানের (৪০) ঊরুতে তা বিদ্ধ হয়।