আ.লীগের হামলার ভয়ে কৃষক লীগের সম্মেলন স্থগিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার। কিন্তু সম্মেলন চলাকালে আওয়ামী লীগের নেতারা হামলা করতে পারেন— এমন আশঙ্কা করে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন পর এ উপজেলায় কৃষক লীগের সম্মেলন আহ্বান করা হয়। এ জন্য কয়েক দিন ধরে এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার।একটি সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাশ কাটিয়ে সংস্কারপন্থী নেতাকে নিয়ে পকেট কমিটি করার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি আওয়ামী লীগের নেতারা সহজভাবে মেনে নিতে পারেননি। তাই পকেট কমিটি বন্ধে একটা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ছিল। বিষয়টি জানতে পেরে হঠাৎ করে সম্মেলন স্থগিত করা হয়।উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল করিম বলেন, ‘সম্মেলন করলে আওয়ামী লীগের নেতারা মারামারি করতেন। হামলার আশঙ্কা থাকায় শেষ মুহূর্তে এসে সম্মেলন স্থগিত করতে বাধ্য হই।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক হামলা করার প্রস্তুতির অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূলসহ কোনো পর্যায়ে কৃষক লীগের কোনো কমিটি নেই। একটি পকেট কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ অবস্থায় কৃষক লীগের কর্মীদের দ্বারা প্রতিরোধ গড়ে তোলার কথা তাঁর কানে পৌঁছেছিল।