মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও দুই ব্যক্তিকে হত্যার মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ জন নেতা-কর্মীর নাম বাদ দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদী গতকাল মঙ্গলবার ওই অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন করেছেন।
চা-বাগানের মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধে ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি একটি পক্ষ কমলগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রভাবশালী কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে চা-বাগানে হামলা চালায়।
হামলার ঘটনায় জড়িত নন উল্লেখ করে ১ নম্বর আসামি সাদত রহিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন আসিদ আলী, সিদ্দেক আলী, হান্নান মিয়া, মুছব্বির মিয়া, হান্নান মিয়া, আশরাফুল হক বদরুল, লোকমান, আনোয়ার হোসেন, সানোয়ার হোসেন, জুয়েল মিয়া, সাগর মিয়া ও জহিরুল হোসেন।