আ.লীগের ১৩২ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে সংঘর্ষে নিহত সেলিম আহমদের বাবা রফিক মিয়া বাদী হয়ে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১৩২ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছেন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে (দ্বিতীয়) এ মামলা করেন। আদালত সূত্র জানায়, মামলাটি বৃহস্পতিবার আমলে নিয়ে বিচারিক হাকিম মো. মোয়াজ্জেম হোসাইন এক আদেশে ঘটনা তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অভিযোগ এফআইআর হিসেবে গণ্য করতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ-সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৮ জুনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিশ্বনাথে গত ২৩ এপ্রিল হরতাল চলাকালে সেলিম আহমদ (২২) ও একজন রিকশাচালকসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বিশ্বনাথের টেংরা গ্রামের বাসিন্দা রফিক মিয়ার ছেলে সেলিম বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। ঘটনার দিন সেলিম নিহত হলেও তাঁকে অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হয়। পরদিন ২৪ এপ্রিল তাঁর পরিচয় মেলে। মামলায় ১৩২ আসামির মধ্যে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজামিঞ্চল আলীর ছেলে ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন ইউনিয়ন কমিটিতে থাকা ১২৯ জন। সেলিমের গুলিবিদ্ধ হওয়া ও মারা যাওয়া প্রসঙ্গে মামলায় বলা হয়, মিছিলে থাকা সেলিম আহমদকে আসামি মিজানুর রহমান গুলি করলে বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। সেলিম প্রাণ রক্ষার জন্য কিছুদূর দৌড়ে গিয়ে বিশ্বনাথ মুহামঞ্চদিয়া মাদ্রাসার সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর আদালতে মামলা করা প্রসঙ্গে বাদী রফিক মামলায় উল্লেখ করেন, আসামিরা দলীয় শীর্ষ নেতাদের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ছেলের মৃতদেহ ঘটনার পরদিন পরিবারের জিমঞ্চায় দেওয়া হলে ওই দিনই বিশ্বনাথ থানায় ছেলে হত্যার অভিযোগে একটি এজাহার দাখিল করলে পুলিশ সেটি গ্রহণ করেনি।বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মামলা হয়েছে আমি লোকমুখে শুনেছি। তবে এ-সংক্রান্ত কোনো নথি আমার কাছে আসেনি। মামলার নথি হাতে পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্বনাথ থানায় মামলা নেওয়া হয়নি বলে বাদীর অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ২৩ এপ্রিলের ঘটনার পর নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ থানায় দেয়নি। এ মামলাকে উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। তিনি বলেন, তাঁরা (বিএনপি) তাঁদের অস্ত্রধারীদের হাতে হতাহত হয়ে দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে।