নরসিংদীর মনোহরদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কর্মস্থল ত্যাগের হুমকির ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিহাবুল ইসলামের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তি হলেন: মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে রঙ্গু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছেদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম ওরফে তারেক, মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সফিকুল ইসলাম, আল এমরান ভূইয়া, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, শুকুন্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, যুবলীগের কর্মী মাসুদ মিয়া, আসাদ মিয়া, এ কে এম আশরাফুল আলম, মো. মোতাহার হোসেন ও মো. রশীদ ওরফে মুইন্না রশীদ। অভিযোগপত্রের কথা উল্লেখ করে তদন্ত কর্মকর্তা জানান, মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ৯ অক্টোবর মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) ফ্লোরা বিলকিস জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আদালত পরিচালনা করেন। তিনি অভিযোগের সত্যতা পাওয়ার পর দুটি পাইপসহ একটি মেশিন জব্দ করেন। ওই সময় বালু উত্তোলনে জড়িত আসাদ মিয়া কৌশলে পালিয়ে যান। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ক্ষুব্ধ হন। তিনি ওই দিনই মুঠোফোনে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলামকে গালাগাল করেন। ২০-২৫টি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে তিনি পরদিন দুপুর ১২টার দিকে এসি ল্যান্ডের কার্যালয়ে আসেন। হাবিবুর এসি ল্যান্ডকে মনোহরদী ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেন। তা করা না হলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী প্রথম আলোকে বলেন, বালু উত্তোলনের ঘটনাস্থল ও উপজেলা ভূমি কার্যালয়ে উপস্থিত লোকজনের জবানবন্দি, সাক্ষীদের সাক্ষ্যের মাধ্যমে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারণ: মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে স্থানীয় পাঁচকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া তাঁর হাতিরদিয়া ছাদত আলী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদ বাতিল করা হয়েছে। ১৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো দুটি পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়। পাঁচকান্দি ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাদির মোল্লা প্রথম আলোকে বলেন, ‘১৯ অক্টোবর কলেজের পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসমঞ্চতিক্রমে হাবিবুরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারণ করা হয়। তাৎক্ষণিক কলেজের এক জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।’ জেলা প্রশাসক ওবায়দুল আজম প্রথম আলোকে বলেন, ১৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি বার্তায় পাঁচকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের বেতন-ভাতার সরকারি অংশ বাতিল ও তাঁর হাতিরদিয়া ছাদত আলী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।