আ.লীগের ১৬ জনকে শোকজ নেতা-কর্মীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের প্রতিবাদ করায় দলের ১৬ নেতাকে শোকজ করেছে জেলা আওয়ামী লীগ। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে এ শোকজের প্রতিবাদ জানান তাঁরা।
দলীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউপিতে আগামী ২৮ মে ভোট অনুষ্ঠিত হবে। ৭ এপ্রিল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের মনোনয়ন কমিটি মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎ নেয়। ১১টি ইউনিয়নে ৫৪ জন ওই দিন সাক্ষাৎ দেন। মনোনয়নের জন্য স্থানীয়ভাবে ১১ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁরা এলাকায় প্রচার করতে থাকেন তাঁদের মনোনয়ন পাওয়ার বিষয়টি। এতে মনোনয়নবঞ্চিত ৪৪ জন প্রার্থী ও তাঁদের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে গত রোববার মাধবপুর উপজেলা ডাকবাংলার সামনে মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর নুরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আন্দোলনকারীরা অভিযোগ করেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবু জাহির এবং মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রকৃত নেতাদের মনোনয়ন না দিয়ে অর্থের বিনিময়ে তাঁদের পছন্দের লোকজনকে মনোনয়ন দিয়েছেন। এ ঘটনায় সোমবার প্রথম আলোয় ‘প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে দলের সভাপতি ও সাংসদ আবু জাহিরের সমালোচনা করায় মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এ অভিযোগ আনা হয়।
অভিযুক্ত নেতারা হলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর নুর, মহিদুজ্জামান হারুন ও আলাউদ্দিন তালুকদার ওরফে বেনু মিয়া, যুগ্ম সম্পাদক মো. এখলাছুর রহমান ও তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বেনু রঞ্জন রায়, সদস্য আবদুছ সকদার মাখন, আন্দিউড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শাহজাদপুর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি বাবুল হোসেন খান, ছাতিয়ান ইউনিয়নের সভাপতি মো. আবদুস শহীদ, বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, একই ইউনিয়নের নেতা সৈয়দ রাসেল, জগদীশপুর ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম তালুকদার।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান প্রথম আলোকে বলেন, জেলা কার্যকরী কমিটির সভার সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ১৬ জনকে অভিযুক্ত করা হয়। তাঁদের কেন বহিষ্কার করা হবে না, এ মর্মে আগামী ১৫ দিনের মধ্যে জেলা সভাপতি ও সম্পাদকের কাছে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আমরা মনোনয়ন-বাণিজ্য নিয়ে দলের সভাপতি ও উপজেলা সম্পাদকের সমালোচনা করেছি। এখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। ব্যক্তিগত আক্রোশে এ শোকজ করা হয়েছে।’
দলের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান বলেন, ‘অভিযুক্ত করার বিষয়টি শুনেছি। চিঠি পাইনি।’ তিনি আরও বলেন, তাঁরা দলের কেন্দ্রীয় নেতা ও এলাকার সাংসদ মাহবুব আলীর কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।