খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় গতকাল শনিবার আওয়ামী লীগের সদর উপজেলা ও পৌর কমিটির ১৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নির্বাচনে সংগঠন পরিপন্থী কাজ করায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজন নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জেলা কৃষক লীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে পৌর যুবলীগের কমিটি।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে কাজ করায় দলীয় গঠনতন্ত্রের ৪৬ (ঠ) ধারামতে সদর উপজেলা কমিটির সহসভাপতি আবদুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক আবদুল লতিফসহ সাতজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর, সহপ্রচার
ও প্রকাশনা সম্পাদক মো. নাসিরসহ পৌর আওয়ামী লীগের ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা বলেন, দলীয় প্রার্থী শানে আলমের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে কাজ করায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক এস এম শফি, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক দিদারুল আলম, শ্রমবিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক পাটোয়ারী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় জেলা কৃষক লীগের আহ্বায়ক আবুল কাশেম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব, সহ-অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, বোরহান উদ্দিনকে বহিষ্কার করা হয়।
জেলা যুবলীগের সভাপতি তপন কুমার ত্রিপুরা বলেন, নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দলীয় গঠনতন্ত্রে বলা আছে, দলের সিদ্ধান্তের বাইরে কেউ কাজ করলে তিনি স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিকলি) বহিষ্কার হয়ে যাবেন।