আ.লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতা-কর্মীর নামে নালিশি অভিযোগটি থানার পুলিশ নিয়মিত মামলা হিসেবে নিয়েছে। গত মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
আক্কেলপুর পৌরসভার কাউন্সিলর ও বিএনপির নেতা রেজাউল করিমকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তাঁর স্ত্রী শাহানা বেগম ১ এপ্রিল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল আমিন ভূঁইয়ার আদালতে নালিশি মামলা করেন।
বাদীর আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালত নালিশি অভিযোগটি গ্রহণ করে তা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গত বৃহস্পতিবার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা পৌর সদরে একটি মিছিল বের করেন। এই মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছালে মিছিলে ছাত্রশিবিরের নেতা-কর্মী আছেন—এমন অভিযোগ তুলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী তাতে হামলা করেন। এ ঘটনার পরপরই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করেন। তাঁদের এই মিছিলটি উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় কলেজ বাজারে পৌঁছালে ক্ষুব্ধ নেতা-কর্মীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন। এ ঘটনায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির নেতা রেজাউল করিম গুরুতর জখম হন।
এ ঘটনায় সারোয়ার হোসেনের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৬ নেতা-কর্মীর নামে মামলা করেন।
এদিকে রেজাউল করিম ঢাকায় ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মার্চ মাসের শেষ সপ্তাহে বাড়ি ফেরেন। এরপর ১ এপ্রিল তাঁর স্ত্রী আদালতে নালিশি মামলা করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমসহ ২১ জনকে আসামি করা হয়।