আ.লীগের ৩০০ নেতা-কর্মী বিএনপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোশাহিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক হারুন মিয়াসহ তিন শতাধিক নেতা-কর্মী গত শনিবার বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁদের বিএনপিতে যোগদান উপলক্ষে দিরাই পৌর সদরের রেইনট্রিতলায় শনিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী। মুজিব কোট পরে মঞ্চে বসা সিরাজুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও আবদুস সামাদ আজাদের আওয়ামী লীগে বিশ্বাসী। সেনলীগ বিশ্বাস করি না বলেই সুরঞ্জিত সেন আমাকে মেনে নিতে পারেননি। আমি ১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। কখনো দুর্নীতির সঙ্গে আপস করিনি।’ তিনি আরও বলেন, ‘আজ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি নেই। দিরাইয়ে চলছে সেনলীগের দুর্নীতি। দুর্নীতির জবাব দিতেই আমি বিএনপিতে যোগদান করলাম।’ দিরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ আলী রব, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এ ব্যাপারে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘সিরাজ দলের কেউ নন। তাঁকে ১৪ বছর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’