সাতক্ষীরা সদর পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়ন-প্রত্যাশীরা প্রচারণা চালাচ্ছেন।
দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপির দুজন স্থানীয় নেতাদের পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সদর পৌরসভায় জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী শেখ আজাহার হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে আটজন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক মেয়র শেখ আশরাফুল হক ও জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম মনোনয়ন পেতে প্রচারণার পাশাপাশি লবিং করছেন।
মাঠে না থাকলেও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেন পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদ ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। বর্তমান মেয়র জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল জলিলেরও নির্বাচন করার ইচ্ছা আছে।
তবে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাছিম ফারুক খান স্বতন্ত্রভাবে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন।
এ ছাড়া জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন ও নাগরিক পরিষদ-সমর্থিত জেলা ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফাহিমুল হক প্রচারণা চালাচ্ছেন।
আবু সায়ীদ বলেন, দলীয় মনোনয়ন ও জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। একই কথা বলেন, শাহাদাৎ হোসেন।
আশরাফুল হক বলেন, ‘দুবার মেয়র ছিলাম। পৌরবাসী আমাকে মেয়র হিসেবে চান।’ সাইফুল করিম বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি জয়ী হবেন। শওকাত হোসেন বলেন, দল তাঁকে মনোনয়ন দিলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
তাজকিন আহমেদ বলেন, দল থেকে তাঁদের এখনো সবুজ সংকেত দেওয়া হয়নি। এরপরও মাঠে আছেন। দল মনোনয়ন দিলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। নাছিম ফারুক খান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সভা-সমাবেশের পাশাপাশি জনসংযোগ করছেন। ভোটাররা তাঁর ব্যাপারে বেশ ইতিবাচক।
তবে বিএনপি নেতা আবদুল জলিল বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটের ব্যাপারে তিনি সন্দিহান। নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা পেলে তিনি ভোটে দাঁড়াবেন। না হলে দাঁড়াবেন না।
জাতীয় পার্টির শেখ আজাহার হোসেন বলেন, ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি অনেক দিন ধরে জনসংযোগ করছেন। দল তাঁকে সমর্থন দিয়েছে।
ওয়ার্কার্স পার্টির ফাহিমুল হক বলেন, মানুষ পরিবর্তনে বিশ্বাসী। তাঁরা নতুনকে স্বাগত জানাবে বলে তিনি মনে করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সম্পাদক নজরুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ঠিক করা হবে। কাউন্সিলর পদেও সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার চেষ্টা থাকবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, দলীয় নির্দেশনা না পেলে কিছু বলা যাচ্ছে না।