কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পল্লিচিকিৎসক হত্যাকাণ্ডের জের ধরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার ১৯ দিন পর গত সোমবার মামলা হয়েছে। এতে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬১ জনকে আসামি করা হয়েছে।
মিরপুর উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ সোমবার রাত সাড়ে সাতটায় মিরপুর থানায় মামলাটি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এজাহারে বলা হয়েছে, ১১ জানুয়ারি আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাসদের কার্যালয়ে ভাঙচুর করেন এবং আগুন লাগান। সেখানে একটি মোটরসাইকেল পোড়ানো হয়। এতে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনকে প্রধান আসামি করা হয়েছে। ৬১ জন আসামির মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম রয়েছেন। অন্যরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মী।
জাসদের কয়েকজন নেতা-কর্মী বলেন, ১১ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষক দলের সাবেক নেতা ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া লুৎফর রহমান ওরফে সাবুকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। তিনি পল্লিচিকিৎসক ছিলেন। উপজেলার আমবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
নিহত লুৎফর রহমান মিরপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত বছর ইউপি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। প্রায় পাঁচ মাস আগে আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগ দেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই দিন বিকেলে মিরপুর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা জাসদের কার্যালয়ের সামনে পৌঁছানোর পর ওই কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম গতকাল মুঠোফোনে বলেন, হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। মিছিল থেকে কোনো নেতা-কর্মী জাসদ কার্যালয়ে হামলা করেননি। কে বা কারা সেখানে ভাঙচুর ও আগুন দিয়েছে, তা জানা নেই। মামলার বিষয়ে দলীয় বৈঠকে আলোচনা করে প্রতিবাদ বা অন্য কিছু করার সিদ্ধান্ত নেওয়া হবে।
ওসি রফিকুল ইসলাম গতকাল বিকেলে বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনানুগ প্রক্রিয়ায় মামলার কার্যক্রম চলবে।
এর আগে পল্লিচিকিৎসক হত্যা ও জাসদ নেতার বাড়ি পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এরপর ২০ দিন গত হলেও কেউ গ্রেপ্তার হয়নি। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর। তিনি বলেন, আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সব আসামি পলাতক।