আ.লীগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটির আত্মপ্রকাশ ঘটেছিল। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে আওয়ামী লীগ।প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ এ দেশে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব ধরনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৬৬ সালে ছয় দফাভিত্তিক বাঙালির স্বাধিকার আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পথ ধরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ রায় দেয়। ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ এবং নয় মাস সশস্ত্র যুদ্ধের পর ওই বছরের ১৬ ডিসেম্বর অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ অতীতের মতো আগামীতেও জনগণের পাশে থাকবে।কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোর সোয়া পাঁচটায় দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে সাতটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন শেখ হাসিনা।