আ.লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটির আত্মপ্রকাশ ঘটে। পরে নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিস্তার ঘটে।প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৬৬ সালে ছয় দফাভিত্তিক বাঙালির স্বাধিকার আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সাফল্যের পথ ধরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ রায় দেয়। ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাস যুদ্ধের পর ১৬ ডিসেম্বর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। আবার ২১ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে পরাজয় এবং ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আরেক দফা বিপর্যয় কাটিয়ে দলটি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় আসে।বাণী: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে দলের অগণিত নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ এ দেশের ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছে। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আজ শনিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।