আ.লীগের ৭ 'বিদ্রোহী' বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের তিন পৌরসভার চার প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। একই কারণে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ এবং জয়পুরহাটের কালাই পৌরসভার আরও তিন মেয়র প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: গত সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তিন পৌরসভার চার প্রার্থীকে বহিষ্কারের কথা জানানো হয়। প্রত্যেক প্রার্থীর জন্য আলাদা চিঠিতে উল্লেখ করা হয়, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো।’ বহিষ্কৃত ব্যক্তিরা হলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদ, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন, ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম ও ভুঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ওরফে চঞ্চল।
হবিগঞ্জ: জেলা আওয়ামী লীগ গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ পৌরসভায় দলের দুই বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজান এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান ওরফে মাসুক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে মিজানুর ও আতাউর মেয়র প্রার্থী হয়েছেন। এতে স্বাক্ষর করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক মো. আবদুল মজিন খান।
জানতে চাইলে মিজানুর রহমান বলেন, তিনি দল থেকে আগেই পদত্যাগ করেছেন। তাঁকে নতুন করে বহিষ্কারের কোনো সুযোগ নেই। এ ছাড়া তিনি কখনো দল থেকে মনোনয়ন চাননি।
আতাউর রহমান বলেন, ‘আমি মানুষের জন্য কাজ করি। তাদের দাবি পূরণ করতে গিয়ে মেয়র পদে প্রার্থী হই। এলাকার জনগণ আমার পাশে আছে। তাদের কাছে এ অন্যায়ের বিচার ছেড়ে দিলাম।’
জয়পুরহাট: জেলার কালাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের কালাই উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগ ও কালাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্র জানায়, কালাই স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান ওরফে কাজল দলীয় সিদ্ধান্ত অমান্য করে কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর পক্ষ নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, পৌর কমিটির সভাপতি সাজেদুর হাসান ও সাধারণ সম্পাদক হাবিবুল হাসান প্রচারণা চালাচ্ছেন। তাই চারজনকেই দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, গত মঙ্গলবার বিকেলে কালাই উপজেলা মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ ই এম মাসুদ রেজার সভাপতিত্বে জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাজ্জাদুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে বহিষ্কারের চিঠি পাননি। তিনি দাবি করেন, দলের কোনো পদে তিনি নেই।