আ.লীগের 'আন্দোলনে' স্থবির কেইপিজেড

‘আন্দোলন’-এর মুখে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এলাকাবাসীর নামে এই আন্দোলন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কেইপিজেডের প্রতিটি ফটকে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন, কর্মকর্তাদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন।
এ অবস্থায় দুই দিন ধরে কেইপিজেডের প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। তবে কেএসআই নামে জুতা কারখানার অধীনে ছয়টি কারখানার উৎপাদন চলছে।
আনোয়ারা কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদের ব্যানারে কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার (অব.) হাসান নাছিরের অপসারণসহ নয় দফা দাবিতে এই আন্দোলন চলছে। পরিষদের আহ্বায়ক আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল হক চৌধুরী। স্থানীয় আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে জানান থানা কমিটির সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী।
থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং আনোয়ারা ও পশ্চিম পটিয়ার ১৬ জন ইউপি চেয়ারম্যান এই সংগ্রাম পরিষদের সদস্য। এঁদের মধ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান হলেন আটজন। ১০ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা নয় দফা দাবির কথা জানান। এখন বলা হচ্ছে—এক দফা, হাসান নাছিরের অপসারণ। ১৬ নিরাপত্তা কর্মীকে চাকরিচ্যুত করার পর ২৮ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু হয়।
কেইপিজেড কর্তৃপক্ষের অভিযোগ, স্বার্থ আদায় করতে না পেরে স্থানীয় লোকজনের নামে একটি গোষ্ঠী তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। কেইপিজেডের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আন্দোলনকারী কয়েকজন এখানে ঠিকাদারি, লোক নিয়োগের মাধ্যমে অবৈধ সুবিধা নিতেন। এমডি স্যার ওটা বন্ধ করে দিয়েছেন। এর পর থেকে তাঁরা ক্ষিপ্ত হন।’
আন্দোলনকারীরা প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে কেইপিজেডের কর্মকর্তা-কর্মচারীদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ আছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কেইপিজেডের নিরাপত্তা ব্যবস্থাপক মোক্তাদির ইসলাম বলেন, ‘আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। দুদিন ধরে আমাদের অফিস বন্ধ রয়েছে। কোনো কাজকর্ম হচ্ছে না। তারা বিভিন্ন স্থানে আমাদের জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে দখল করার চেষ্টা করছে।’
সরেজমিন দেখা গেছে, প্রধান ফটকে গতকাল মঙ্গলবার সকাল থেকে ২০-৩০ জন নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। তাঁদের নেতৃত্ব দেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কর্ণফুলী থানা যুবলীগের সভাপতি দিদারুল আলম। যানবাহনগুলোতে তল্লাশি চালান তাঁরা। ‘আমার গাড়িতে হাসান নাছির নেই’ মর্মে একটি খাতায় চালকের সই নেওয়া হচ্ছিল। সেখানে কিছুক্ষণ পর উপস্থিত হন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণের পেটে যখন হাসান নাছির লাথি মারছেন তখন আওয়ামী লীগ চুপ থাকতে পারে না। তিনি আমাদের কবরস্থান ও শ্মশানে যেতে দেন না। তাঁকে যদি এখান থেকে পিটিয়ে বের করে দিই, তাহলে কী করার আছে? তবে আমরা মন্ত্রীর (প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী) এলাকার লোক বলে এটা করছি না।’
ডরমিটরি থেকে কারখানায় যাওয়ার সময়ও বিদেশি কর্মকর্তাদের গাড়িতে তল্লাশি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গতকাল প্রধান ফটকে চেয়ারম্যান দিদারুল আলমের কাছে এসে কেইপিজেডের একজন নিরাপত্তা কর্মকর্তা কারখানার গাড়িতে তল্লাশি না চালানোর অনুরোধ জানান। জবাবে দিদারুল আলম বলেন, ‘হাসান নাছির কখন আসছেন জানালে আর তল্লাশি চালাব না।’ তিনি প্রথম আলোকে বলেন, হাসান নাছির জনগণের চাকরি খাচ্ছেন। তাই এ আন্দোলন।
এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকটি স্থানে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। ভেতরে কবরস্থানের সাইনবোর্ড রয়েছে। তবে কবরস্থানের নামে জায়গা দখলের কথা অস্বীকার করে দিদারুল বলেন, ‘জনগণ নিজেদের কবরে ঘেরাও দিয়েছে।’
দিদারুল আলমের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কেইপিজেডের এমডি হাসান নাছির প্রথম আলোকে বলেন, ‘অনিয়মের কারণে চাকরিচ্যুত করা হয়েছে। এখন এই আন্দোলনের নামে আমার এখানে ১০ একরের মতো জায়গা দখলের চেষ্টা চলছে। ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের। একটি গোষ্ঠী এতে ইন্ধন দিচ্ছে। অবৈধ সুবিধা বন্ধ করায় আমার ওপর তারা ক্ষিপ্ত হয়েছে।’
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, আন্দোলন চলছে এমডির অপসারণ দাবিতে। তিনি এটা প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়েছেন।
১৯৯৯ সালে আনোয়ারা ও পশ্চিম পটিয়ায় অবস্থিত দেয়াং পাহাড়ের সমতল ও টিলা মিলে দুই হাজার ৪৯২ একর ভূমি কেইপিজেডকে দেয় সরকার। এর মধ্যে খাস জমি ১ হাজার ৭০০ একর। অবশিষ্ট জমি অধিগ্রহণ করা।