আ.লীগের 'পথের কাঁটা' স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নওগাঁ পৌরসভার প্রার্থী ও ভোটারদের মধ্যে উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। এই পৌরসভায় মেয়র পদে মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সুবিধাজনক অবস্থায় থাকলেও বেকায়দায় রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াহাব আওয়ামী লীগ প্রার্থীর জয়ের পথে প্রধান কাঁটা হয়ে দাঁড়াবেন।
আজ সোমবার থেকে প্রতীক নিয়ে প্রার্থীদের প্রচার-প্রচারণার যুদ্ধ শুরু হচ্ছে। প্রার্থীরাও প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পৌরসভার পাড়া-মহল্লার মোড়ে মোড়ে চায়ের কাপে নির্বাচনী ঝড় উঠেছে।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ৫০ থেকে ৬০ জন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পৌরসভায় মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যেই। নওগাঁয় ভোটার সমর্থনের দিক দিয়ে দুই দলই সমান। তবে স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের সাবেক সদস্যসচিব আবদুল ওয়াহাব আওয়ামী লীগের মেয়র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। সে ক্ষেত্রে বর্তমান পৌর মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী নজমুল হক সুবিধাজনক অবস্থায় রয়েছেন।
১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ায় একটি চায়ের স্টলে কথা হয় পলাশ বর্মণ, নুরুন্নবী, নজরুল ইসলাম, রাশিদুল হকসহ ১৫ থেকে ১৬ জন ভোটারের সঙ্গে। যুক্তি হিসেবে তাঁরা বলেন, স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াহাবকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবেই ধরা যায়। কারণ, আবদুল জলিল জীবিত থাকা অবস্থায় দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। পরে জলিল মারা যাওয়ার পর অন্তর্দ্বন্দ্বের কারণে তিনি দলে কোণঠাসা হয়ে পড়েন। আবদুল জলিলের দীর্ঘদিনের অনুসারী হিসেবে তিনি আওয়ামী লীগ সমর্থক ভোটারদের ভোটই বেশি পাবেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান ছেকার আহমেদের জয়ের পথে প্রধান কাঁটা হয়ে দাঁড়াবেন বলে তাঁদের ধারণা।
প্রায় একই কথা বলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হোসেন, নাজমুল হক ও জুলফিকার ইসলাম। তাঁরা বলেন, এখানে বরাবরই মূল লড়াই হয় নৌকা ও ধানের শীষের মধ্যে। জয়-পরাজয় হয় খুব কম ভোটের ব্যবধানে। সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াহাব ১ থেকে দেড় হাজার ভোট পেলে সেটা নৌকার ভোটই কাটবে।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল ওয়াহাব গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত আছি। একসময় জেলা কৃষক লীগের সদস্যসচিব ছিলাম। আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হয়ে পরপর চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। জলিল সাহেব মারা যাওয়ার পর দলে নতুন হাইব্রিড নেতা আসায় নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছি। তবে এখনো আমি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সমর্থক। যেহেতু আমি স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হয়েছি, তাই দলমত-নির্বিশেষে সবার কাছেই ভোট চাইছি।’
এ ব্যাপারে দেওয়ান ছেকার আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আবদুল ওয়াহাব স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমি কোনো সমস্যা দেখছি না। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। কিন্তু এখন দলের মূল জায়গায় তিনি নেই। আওয়ামী লীগের সব নেতা-কর্মী আমার পক্ষে কাজ করছেন। ভোটারাও এবার নৌকা প্রতীক বেঁচে নেবেন বলে আমার বিশ্বাস।’